দুর্গম গ্রামে হেলিকপ্টারে চাল পৌঁছানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম গ্রামের খাদ্যসংকট মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান। তিনি বলেন, সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় যোগাযোগ-বিচ্ছিন্ন দুর্গম গ্রামে হেলিকপ্টারের মাধ্যমে চাল পৌঁছে দেওয়া হচ্ছে। আগামী দিনগুলোতেও চাল পরিবহনের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হবে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, সেনাবাহিনীর রাঙামাটি ও খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডারদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল সাজেক ইউনিয়নের দুর্গম ব্যাটলিং, তুইছুই, নিউলংকর ও শিয়ালদাই এলাকা পরিদর্শনে যাবে। প্রতিনিধিদলটি অসহায় মানুষের মধ্যে চাল বিতরণের পাশাপাশি আর্থিক সহায়তাও দেবে।
মানজারুল মান্নান সাংবাদিকদের বলেন, খাদ্যসংকট থাকা গ্রামগুলো দুর্গম হওয়ায় চাল বিতরণে সমস্যা হচ্ছে। সে জন্য সেনাবাহিনী ও বিজিবির থেকে হেলিকপ্টারের সহযোগিতা চাওয়া হয়েছে। তারা আশ্বস্ত করেছে দুর্গম এলাকায় চাল পৌঁছানোর জন্য হেলিকপ্টারের সহযোগিতা দেবে। তিনি বলেন, এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে ১০ মেট্রিক টন, জেলা প্রশাসন থেকে ৫ মেট্রিক টন ও সেনাবাহিনীর পক্ষ থেকে ৫ মেট্রিক টন চাল অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে জেলা প্রশাসন থেকে আরও ১৫ মেট্রিক টন ও রাঙামাটি জেলা পরিষদ থেকে ১০ মেট্রিক টন চাল দেওয়া হবে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে নগদ আর্থিক সহায়তা হিসেবে ১০ লাখ টাকা দেওয়া হবে।
জেলা প্রশাসক বলেন, জুমে ফলন কম হওয়া ও জুম চাষে কিছু বাধার সৃষ্টি হওয়ায় খাদ্যসংকট হচ্ছে। দুর্গম এলাকার গ্রামের লোকজন স্থানীয়ভাবে জুমের ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করেন। সড়ক যোগাযোগ না থাকায় তাঁদের অন্য এলাকা থেকে খাদ্য সরবরাহ করা যায় না। প্রাথমিকভাবে শুধু সাজেক ইউনিয়নের দুর্গম এলাকায় দুই হাজারের বেশি পরিবারের তালিকা হয়েছে। আগামী চার মাস পর্যন্ত তাদের প্রতি মাসে ২০ কেজি করে চাল সহায়তা দিতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন, বিটিভির রাঙামাটি প্রতিনিধি মো. মোস্তফা কামাল, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটির টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিমেল চাকমা প্রমুখ।
বাঘাইছড়ি উপজেলার সাজেক, বঙ্গলতলী, মারিশ্যা, বাঘাইছড়ি ও সারোয়াতলী—এই পাঁচ ইউনিয়নের দুর্গম গ্রামগুলোতে খাদ্যসংকট চলছে। দুর্গম পাহাড়ি গ্রামের মানুষের একমাত্র আয়ের উৎস জুমের ফসল (ধান)। উপজেলা সদর থেকে ৩০ থেকে ৯০ কিলোমিটার দূরে এসব গ্রাম। দুর্গম গ্রামগুলোতে রাস্তা নেই, তাই যানবাহনও চলে না। মাটির উর্বরতা শক্তি কমে যাওয়ায় জুমের ফসল উৎপাদন কমে গেছে। এ কারণে বছরে প্রায় পাঁচ মাস (মার্চ থেকে জুলাই) খাদ্যসংকট দেখা দেয় বলে স্থানীয় বাসিন্দারা জানান।