দুর্গম চরাঞ্চল, শঙ্কায় প্রার্থী-ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জুলাই অনুষ্ঠেয় গাইবান্ধার সাঘাটা উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে অনেক চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থী শঙ্কিত হয়ে পড়েছেন। অনুন্নত যোগাযোগব্যবস্থা ও দুর্গম চরাঞ্চলে কেন্দ্র স্থাপিত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নের নয়টিতে নির্বাচন হবে। এগুলো হচ্ছে বোনারপাড়া, পদুমশহর, কামালেরপাড়া, জুমারবাড়ি, ভরতখালি, সাঘাটা সদর, হলদিয়া, কচুয়া ও মুক্তিনগর। সীমানা-সংক্রান্ত জটিলতায় ঘুড়িদহ ইউনিয়নের নির্বাচন হচ্ছে না। নয় ইউনিয়নে ৮৯টি ভোটকেন্দ্রের সবগুলো ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।যমুনা নদীর ভাঙনে হলদিয়া, সাঘাটা সদর ও ভরতখালি ইউনিয়নের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান একাধিকবার স্থানান্তর করা হয়েছে। ফলে যত্রতত্র প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। সব কেন্দ্রে গাড়ি যাওয়ার মতো রাস্তা নেই। এর মধ্যে হলদিয়া ইউনিয়নের নয়টি কেন্দ্রের পাঁচটি যমুনার ওপারে। এগুলো হচ্ছে দক্ষিণ দীঘলকান্দি, উত্তর দীঘলকান্দি, কুমারপাড়া, পাতিলমারি ও গাড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।হলদিয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মতিয়ার রহমান বলেন, ‘ইউনিয়নের বেড়া রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের পাশেই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ও দক্ষিণ দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী মনির উদ্দিনের বাড়ি। তাই তাঁরা নিজের কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। ফলে নির্বাচনের দিন ওই কেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা প্রয়োজন।’কুমারগাড়ী রেজি. প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমেদ আলী বলেন, ‘এই বিদ্যালয়কেন্দ্রের পাশে তিনজন চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়ি। তাঁরা কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করবেন, এতে সন্দেহ নেই। তাই নিরাপত্তার বিষয়টি দেখা দরকার।’সাঘাটা ইউনিয়নের হাটবাড়ি প্রাথমিক বিদ্যালয় যমুনার ওপার এবং হাসিলকান্দি রেজি. প্রাথমিক বিদ্যালয় নদীর তীরে। হাসিলকান্দি গ্রামের সংস্কৃতিকর্মী জাকির হোসেন বলেন, নদীর ওপারের কেন্দ্রগুলোতে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। এসব কেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি।এ দুটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা শাহ আলম পারভেজ বলেন, চরাঞ্চল ও দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ-আনসার ও ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স থাকবে।জেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, প্রতিটি কেন্দ্রের নিরাপত্তার জন্য অস্ত্রধারী পাঁচজন পুলিশ এবং দুজন অস্ত্রধারী আনসারসহ ১৪ জন আনসার নিয়োজিত থাকবে। চরাঞ্চলের কেন্দ্রে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তদারকির দায়িত্বে থাকবেন।পুলিশ সুপার বাসুদেব বণিক প্রথম আলোকে বলেন, সাঘাটার যোগাযোগবিচ্ছিন্ন কেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।