দুর্গম চরে ত্রাণ পৌঁছাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১০ দিন পানিবন্দী। উঠানত একবুক পানি। শোবার ঘরের চৌকি ডুবে আছে। চুলায় আগুন ধরাবার জায়গা নাই। বিয়ানবেলা কলার ভেলাত চুলা বসিয়ে ছলগুলার জন্যি একটু খিচুড়ি রান্না করিচি। পানির কল (টিউবওয়েল) সব ডুবে গেছে। ঘরত সামান্য চাল আছে। পানিবন্দী চরত কেউ খোঁজখবর লিবার আসে না, ইলিফপও পৌঁছায় না।’
বগুড়ার সোনাতলা উপজেলার যমুনা নদীর দুর্গম চর খাটিয়ামারির মহিষপাড়ার বাসিন্দা নিলুফা বেগম (৩৬) গতকাল বৃহস্পতিবার বাড়ির উঠানে কলার ভেলায় বসে কথাগুলো বলছিলেন।
মহিষপাড়া সোনাতলা উপজেলার অন্তর্ভুক্ত হলেও এখানকার প্রায় দেড় শ পরিবারের ৫০০ জন সারিয়াকান্দির চালুয়াবাড়ি ইউনিয়নের তেলিগাড়ি চরের বাসিন্দা ছিলেন। এখনো তাঁরা চালুয়াবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোটার। দুই বছর আগে যমুনা নদীর ভাঙনে তেলিগাড়ি চর বিলীন হলে তাঁরা এক কিলোমিটার দূরে মহিষপাড়ায় আশ্রয় নেন। প্রতিবছর বর্ষাকালে তিন মাস পানিবন্দী হয়ে তাঁরা খাবার ও পানিসংকটে পড়েন।
কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, সোনাতলা উপজেলার সীমানায় বসতভিটা হওয়ার কারণে খোঁজখবর নেয় না সারিয়াকান্দি উপজেলা প্রশাসন। আবার সারিয়াকান্দির ভোটার হওয়ার কারণে সোনাতলা থেকেও কোনো ত্রাণ দেওয়া হয় না। মহিষপাড়ার মতোই এমন অবহেলা-বঞ্চনার শিকার খাটিয়ামারি, শিমুলবাড়ি ও চালুয়াবাড়ি চরের প্রায় এক হাজার বানভাসি পরিবার।
খাটিয়ামারির মহিষপাড়ার গৃহবধূ রূপবান বেগম বলেন, ‘যমুনায় ভিটেমাটি হারিয়ে হামরা এখন নিজভূমে পরবাসী। দুবছর আগে এই চরত আসে আশ্রয় নিয়েছি। এখন হামরা কোন উপজেলার বাসিন্দা বুঝতে পারি না। ভোট দেই সারিয়াকান্দিতে। বসবাসকারী সোনাতলায়। সারা বছরে সরকারি কোনো সহায়তা হামাকেরে ভাগ্যে জোটে না।’
গতকাল বেলা ১১টায় সোনাতলার পাকুল্যা ইউনিয়নের চালালকান্দি ঘাট থেকে নৌকায় করে খাটিয়ামারি মহিষপাড়ায় পৌঁছান এ প্রতিবেদক। মহিষপাড়া, খাটিয়ামারি আশ্রয়ণকেন্দ্র, শিমুলবাড়ি ও চালুয়াবাড়ি চরের বসতবাড়ির অর্ধেক এখন পানির নিচে।
মহিষপাড়ার বর্গাচাষি জাহিদুল ইসলাম বলেন, ‘১০ দিনের বন্যায় সব শ্যাষ। বাড়িঘর পানির নিচে। খাওয়ার পানি নাই। আমাদের নিজেদের থাকার কষ্ট। গরু-ছাগল রাখি কই। থইথই পানিতে চুলা জ্বলে না। বেড়েছে বিষধর সাপের উপদ্রব। ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ।’
খাটিয়ামারি চরের দিনমজুর জামিরুল ইসলাম কলার ভেলায় দুই ছেলে-মেয়েকে নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজছিলেন। তিনি বলেন, হাতে কাজ নেই। ঘরে খাবার নেই। তিন দিন ধরে পরিবারের চার সদস্য অর্ধাহারে-অনাহারে।
খাটিয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুকসমান পানি। শিমুলবাড়ি ও চালুয়াবাড়ি চরে গিয়েও পানিবন্দী মানুষের দুর্ভোগের চিত্র দেখা গেল। শিমুলবাড়ি চরের শাহাব উদ্দিন বলেন, ‘মানুষের থাকারই জায়গা নাই। গরু-বাছুর, ছাগল-ভেড়া নিয়া বিপদে আছি। নিজেরাই অনাহারে, গরু ছাগলের খাবার জোটে কেমনে।’
এদিকে খাটিয়ামারির পাশে পাঁচটি চর গত দুদিনে যমুনার ভাঙনে বিলীন হয়েছে। চরগুলো হলো চকরতিনাথ, কর্নিবাড়ি, শিমুলবাড়ি, ধনারপাড়া, কমরজাপাড়া, দীঘাপাড়া ও ভাগুরগাছা। এসব চরের প্রায় সাত হাজার মানুষ আশ্রয়হারা। সুজায়েতপুর চরসহ আশপাশে পানিবন্দী অবস্থায় অর্ধাহারে-অনাহারে দিন কাটছে তাদের।
চকরতিনাথ গ্রামের বাসিন্দা আবদুর রশিদ বলেন, ‘গত বুধবার প্রশাসন কিছু চিড়া-গুড় বিতরণ করেছিল। অন্য কোনো সহায়তা পাইনি।’
সারিয়াকান্দির ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, বুধবার দুর্গম চরের এক হাজার পরিবারের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। বাকি চরেও ত্রাণ বিতরণ করা হবে। খাটিয়ামারি চরে বসবাসকারীরা সারিয়াকান্দির বাসিন্দা হলে সেখানেও ত্রাণ পাঠানো হবে।