দুর্গম পাহাড়চূড়ায় ওয়ানগালা উৎসব উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়চূড়া চৈতলাছড়া থেকে কিছুক্ষণ পর পর সমবেত কণ্ঠে ভেসে আসছিল গারো ভাষার ‘ওয়ানগালা, ওয়ানগালা’ গানটি। গত শনিবার ছিল আদিবাসী গারোদের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’। উৎসব ঘিরে এদিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পুরোনো চৈলতাছড়া পুঞ্জিতে জমেছিল আদিবাসীদের মিলনমেলা।
ওয়ানগালা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা গারো (আচিক মান্দি) সম্প্রদায়ের লোকজন চৈলতাছড়া পুঞ্জিতে সমবেত হন। সকাল থেকে নানা আয়োজনে মুখর ছিল এই পাহাড়ি এলাকা।
উৎসবের কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, ধর্মীয় আচার-অনুষ্ঠান, স্মরণিকার মোড়ক উন্মোচন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুঞ্জির আদিবাসী এবং বেসরকারি সংস্থা কারিতাস ও ইনডিজেনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসের (আইপিডিএস) সহযোগিতায় এ উৎসবের আয়োজন করে ওয়ানগালা উদ্যাপন কমিটি-২০১৪।
আয়োজকদের সূত্রে জানা যায়, ওয়ানগালা গারোদের সবচেয়ে বড় সামাজিক উৎসব। এ উৎসবের মাধ্যমে এ আদিবাসী গোষ্ঠী তাদের উৎপাদিত পণ্য সৃষ্টিকর্তার প্রতি উৎসর্গ করে ফসলপ্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।
ওয়ানগালা উদ্যাপন কমিটির সভাপতি ও আমুলী পুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) প্রত্যুশ আশাক্রার সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত লরেন্স রাকসামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশপ বিজয় এন ডি ক্রুশ। উৎসবে ১১ জন নকমাকে (গ্রামপ্রধান) সম্মান জানানো হয়।