দুর্গম পাহাড়ে আলোর প্রদীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিহীন ও ছিন্নমূল পরিবারের সন্তানদের একমাত্র ভরসা এই বিদ্যালয়। শিক্ষকেরা নিয়মিত বেতন-ভাতাও পান না। তবুও নিয়মিত পাঠদান করে যাচ্ছেন l প্রথম আলো
ভূমিহীন ও ছিন্নমূল পরিবারের সন্তানদের একমাত্র ভরসা এই বিদ্যালয়। শিক্ষকেরা নিয়মিত বেতন-ভাতাও পান না। তবুও নিয়মিত পাঠদান করে যাচ্ছেন l প্রথম আলো

চারদিকে পাহাড়। টিলা ঘেঁষে গড়ে উঠেছে ছোট ছোট ঝুপড়ি। মাঝে এক খণ্ড সমতল ভূমিতে জরাজীর্ণ একটি টিনের স্কুল ঘর। কোমলমতি হাজার খানেক শিশুর সুর করে পড়ার শব্দে মুখরিত চারদিক। বিদ্যালয়টির নাম এসএম পাইলট প্রাথমিক বিদ্যালয়। চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ের বিচ্ছিন্ন গ্রাম জঙ্গল ছলিমপুরের একমাত্র প্রাথমিক বিদ্যালয় এটি।
প্রত্যন্ত এই গ্রামের ১৫ হাজার ভূমিহীন ও ছিন্নমূল পরিবারের সন্তানদের একমাত্র ভরসা এই বিদ্যালয়। বিদ্যালয়ে নানা সমস্যা। শিক্ষকেরা নিয়মিত বেতন-ভাতাও পান না। তবুও নিয়মিত পাঠদান করে যাচ্ছেন তাঁরা। তাঁরাই টিকিয়ে রেখেছেন বিদ্যালয়টি।
দুই পালায় পাঠদান করা হয় এই বিদ্যালয়ে। প্রথম পালায় সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে প্রাক্-প্রাথমিক শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির কার্যক্রম। দ্বিতীয় পালায় বিকেল চারটা পর্যন্ত চলে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির কার্যক্রম।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম গফুর বলেন, বস্তিবাসীর অনুদানে ২০০৫ সালে টিনের ছাউনি দেওয়া ঘরে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বিদ্যালয় ঘরটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। কিন্তু ভবন নির্মাণ করার সামর্থ্য বিদ্যালয় কমিটির নেই। তাই সরকারের সহযোগিতা প্রয়োজন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য নূরজাহান বেগম বলেন, ‘শিক্ষকদের মাসে মাসে বেতন দিতে পারি না। কারণ, এ এলাকার মানুষ অভাব-অনটনে দিন কাটাচ্ছে। আর্থিকভাবে যাঁরা তুলনামূলকভাবে সচ্ছল, তাঁদের সামান্য অনুদানে বিদ্যালয়ের দাপ্তরিক খরচ মিটিয়ে তারপর শিক্ষকদের বেতন দিতে হয়।’
বিদ্যালয়টির মোট শিক্ষার্থী এক হাজার ২০০ জন। সর্বশেষ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০৬ জন অংশ নিয়ে ১০৪ জন উত্তীর্ণ হয়। এর আগে তিন বছরের পরীক্ষার ফলাফলে দেখা যায়, ওই বিদ্যালয়ে পাসের হার গড়ে ৯৬ শতাংশ। বিদ্যালয়ের শিক্ষক আছেন ১০ জন।
দুর্গম ওই গ্রামে যেতে হয় চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার শেরশাহ এলাকা দিয়ে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ কিংবা থানায় কোনো কাজে যেতে হলে ওখানকার বাসিন্দাদের চট্টগ্রাম নগর পাড়ি দিয়ে কিংবা হাটহাজারী উপজেলা হয়ে সীতাকুণ্ডে আসতে হয়। প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিতে শিশুদের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় যেতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবর্ণা মজুমদার বলেন, ‘আমাদের সমাপনী পরীক্ষাকেন্দ্র সীতাকুণ্ডের ফৌজদারহাট কেএম উচ্চবিদ্যালয়ে। কেন্দ্রে যেতে দুর্গম পাহাড় পাড়ি দিয়ে পৌঁছাতে হয় মহাসড়কে। সেখান থেকে চট্টগ্রাম হয়ে কমপক্ষে ৩৫ কিলোমিটার পাড়ি দিয়ে কেন্দ্রে পৌঁছাতে হয়। এতে অনেক সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থীরা পরীক্ষায় আরও ভালো করত, যদি পরীক্ষাকেন্দ্র আমাদের বিদ্যালয়ে কিংবা চট্টগ্রামের বায়েজিদ থানার কোনো একটি বিদ্যালয়ে করা হতো।’
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছোফা প্রথম আলোকে বলেন, ‘ওই প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাকেন্দ্র করা জরুরি। ভবিষ্যতে বিদ্যালয়টিতে পরীক্ষাকেন্দ্র করার চিন্তাভাবনা রয়েছে।’
বিদ্যালয় সূত্র জানায়, ভূমি জটিলতার কারণে বিদ্যালয়টি জাতীয়করণ করা যাচ্ছে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, তিনি এ ব্যাপারে ভূমিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তাঁরা বিদ্যালয়টি সম্পর্কে জানার পর দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেন। কিন্তু এখনো সব কার্যক্রম থমকে আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ শাহীন ইমরান বলেন, ছিন্নমূল শিশুদেরও প্রাথমিক শিক্ষা অর্জনের অধিকার আছে। তাই বিদ্যালয়টিতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা করবে সরকার।