মিয়ানমারের সীমান্তবর্তী দুর্গম পোয়ামুহুরী এলাকায় বেসরকারি চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় সেনাবাহিনীর স্থানীয় ক্যাম্পগুলোতে দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি। গত শনিবার দিনভর পাহাড়ি শিশুদের ক্যাপসুল ও কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। এতে বাদ পড়েনি কোনো শিশু। হেলিকপ্টারে করে সেনাবাহিনী ওষুধগুলো দুর্গম এলাকায় পৌঁছানোর ব্যবস্থা করে। আর হেলিকপ্টার দিয়ে সহযোগিতা করে বাংলাদেশ বিমানবাহিনী। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কারণে বান্দরবানের দুর্গম এলাকায় সেনাবাহিনীর ক্যাম্পগুলো যেন উৎসবে পরিণত হয়। প্রতিটি ক্যাম্পে বাবা ও মায়েরা তাঁদের শিশু নিয়ে হাজির হন। দুর্গম পাহাড়ি পথ মাড়িয়ে ক্যাম্পগুলোতে পৌঁছাতে অনেকের ঘণ্টার পর ঘণ্টা লেগে গেছে। তবু ক্লান্তি ছিল না তাঁদের চোখেমুখে। শনিবার বিকেলে পোয়ামুহুরী সেনাক্যাম্পে তিন বছরের নিজ শিশুসন্তান টুম্পা এবং তিন নাতি তুমচই (৫), ক্লাংরক (৩) ও তুমইং মুরংকে (২) নিয়ে হাজির হন মানকুর মুরং (৫০)। সেনাক্যাম্পেই একে একে চার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়। প্রায় তিন কিলোমিটার পাহাড়ি পথ মাড়িয়ে আসেন তিনি। ভাঙা ভাঙা বাংলায় বলেন, ‘একসঙ্গে চার শিশুকে ক্যাপসুল ও কৃমির বড়ি খাওয়াতে পেরে ভালো লাগছে।’ পোয়ামুহুরীর সেনাক্যাম্প থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে দড়িপাড়ার মুরং গোত্রের ২২টি যৌথ পরিবারের বসবাস। প্রতিটি পরিবারে দুই থেকে পাঁচটি করে শিশু রয়েছে, যাদের বয়স পাঁচ বছরের নিচে। কয়েকটি পাহাড় মাড়িয়ে প্রায় সব পরিবারের শিশুদের নিয়ে ক্যাম্পে হাজির হয়েছেন অভিভাবকেরা। একেকটি পাহাড়ের উচ্চতা ৩০০ থেকে ৬০০ ফুট। রুসমিটা ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ‘আমি সন্তানদের চিকিৎসার ব্যাপারে সচেতন। জাতীয় টিকা দিবস বা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সেনাবাহিনীর ক্যাম্পে প্রতিবার এসেছি। তাঁরা (সেনাসদস্য) আমাদের পাড়ায় গিয়ে খবর দিয়ে আসেন। এ কারণে বড় মেয়ে মিতালী ও ছোট মেয়ে মৌসুমীকে ভিটামিন খাওয়াতে পেরেছি। টিকাও তাদের দেওয়া হয়েছে।’ পোয়ামুহুরী সেনাক্যাম্পে গত শনিবার থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত কয়েক শ শিশুকে ভিটামিন ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খাওয়ানোর ব্যবস্থা করেন আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিন স্বাস্থ্যকর্মী। গতকাল বেলা সোয়া ১১টায় তিন স্বাস্থ্যকর্মী হেলিকপ্টারে চড়ে আবার আলীকদমে ফিরে যান। তখনো স্রোতের মতো শিশুদের নিয়ে ক্যাম্পে যাচ্ছিলেন অভিভাবকেরা। পরে সেনাক্যাম্পের একজন স্বাস্থ্যকর্মী শিশুদের ক্যাপসুল ও বড়ি খাওয়ানোর দায়িত্ব নেন। পোয়ামুহুরী সেনাক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ওয়ারেন্ট অফিসার মো. আবদুর রশিদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকার সব পাড়ায় আমরা খবর পৌঁছিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট পাড়াগুলোর কারবারিরা (মাতবর) প্রত্যেক অভিভাবকের কাছে আমাদের বার্তা দেন। আসলে এলাকার এমন কয়েকটি পাড়া আছে, যেখান থেকে ক্যাম্পে পৌঁছাতে এক-দেড় দিন লেগে যায়। তাই দূরদূরান্ত থেকে ক্যাম্পে এসে পৌঁছাতে রোববার বিকেল পর্যন্ত গড়িয়ে যেতে পারে। শিশুদের নিয়ে এলে আমরা কাউকে ফেরত পাঠাব না। ভিটামিন ও কৃমির বড়ি অবশ্যই সব শিশুকে খাওয়ানো হবে। একজন শিশুও বাদ পড়বে না।