দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের অন্য রকম দিন
পাঁচ গ্রামের কাছাকাছি এত দিন কোনো মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দুর্গম পাহাড়ি পথ মাড়িয়ে ৮-১০ কিলোমিটার দূরের একটি বিদ্যালয়ে গিয়ে এসব এলাকার ছেলেমেয়েদের পড়তে হতো। প্রাথমিক শিক্ষা সমাপনের পর ঝরে পড়ত অনেক শিক্ষার্থী। তাদের এই কষ্ট ঘুচে গেছে। গতকাল সোমবার সকালে পাঁচ গ্রামের মাঝখানে ‘রাজকি-এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চবিদ্যালয়’ নামের নতুন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। বিদ্যালয়টির অবস্থান মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকি চা-বাগানে। উপজেলা পরিষদ, রাজকি চা-বাগান কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে।গতকাল সকাল ১০টায় ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজ আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত আসুক। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা, আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি মখদ্দছ আলী, রাজকি চা-বাগানের ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন তাজুল ইসলাম। পরে বিদ্যালয়ে ভর্তি হওয়া বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফুলতলার দুর্গম পাহাড়ি চোঙাবাড়ি, রাজকি বাগান, এলবিনটিলা, রহিমপুর ও ধলাই এলাকার আশপাশে কোনো মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। এসব এলাকার ছেলেমেয়েরা দূরের ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয়ে লেখাপড়া করত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শেদ আলম জানান, গতকাল পর্যন্ত ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে মোট ৮৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। বিদ্যালয়টিতে তিনি ও চারজন সহকারী শিক্ষক নিয়োগ পেয়েছেন। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শারমিন আক্তার বলে, ‘ধলাই থাকি আট কিলোমিটার জায়গা হাঁটিয়া ফুলতলায় যাইতে ভয় লাগত। আর ভয় নাই।’ স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হরিয়া শুক্লবৈদ্যের ভাষ্যমতে, প্রাথমিক শিক্ষা সমাপন শেষে এলাকার অনেক ছেলেমেয়ে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতো না। অভিভাবকেরাও দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের পাঠাতে চাইতেন না। উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ‘বিদ্যালয়টির নামকরণের ক্ষেত্রে এলাকার মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়েছে। সিলেট শিক্ষাবোর্ড থেকে পাঠদানের অনুমতি পেতে চেষ্টা চলছে। আশা করা যাচ্ছে সে কাজটা দ্রুত হয়ে যাবে।’