দুর্গম সাজেকে ডিজিটাল স্কুল প্রোগ্রাম চালু
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম এলাকা সাজেকে ডিজিটাল স্কুল প্রোগ্রাম চালু করল সেনাবাহিনী। সাজেক ইউনিয়নের রুইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা। এ কর্মসূচির পাশাপাশি গতকাল পাহাড়ের জুমচাষিদের বহুমুখী সচেতনতা কেন্দ্রও চালু করা হয়।
রুইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় ডিজিটাল স্কুল প্রোগ্রামের আওতায় আসার ফলে এখানে মাল্টি মিডিয়াসহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান করা হবে। দুটি কর্মসূচি নিয়ে গতকাল সাজেকের রুইলুইপাড়ার ক্লাব হাউসে আলোচনা সভার আয়োজন করা হয়। সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব আলম বলেন, ‘আমরা পাহাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের কাছে ডিজিটাল স্কুল প্রোগ্রাম পৌঁছে দিতে চাই। আমরা ইতিমধ্যে চার শতাধিক দক্ষ শিক্ষক দিয়ে ডিজিটাল স্কুল প্রোগ্রামের জন্য ডিভিডি তৈরি করেছি।’
জুমচাষিদের কর্মসূচি নিয়ে খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মো. হাসান মাহমুদ বলেন, দুর্গম এলাকায় ডিভিডি প্লেয়ারের মাধ্যমে জুমচাষের পদ্ধতি, বৃষ্টির পানি কীভাবে ধরে রাখা যায়, মাছ চাষসহ নানা বিষয়ে জানানো যাবে। প্রতিটি গ্রামের কার্বারিদের (গ্রামপ্রধান) মাধ্যমে চাষিদের শেখানো হবে।