নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সাংসদ জালাল উদ্দিন তালুকদার ‘হত্যাকাণ্ডে’ জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গতকাল সোমবার দুর্গাপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত ভবন প্রায় আড়াই ঘণ্টা ঘেরাও করে রাখা হয়। ‘জালাল হত্যার প্রতিবাদ পরিষদ’-এর ব্যানারে বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সাবেক সাংসদ জালাল নিজের পিস্তলের গুলিতে নিহত হন। এ ঘটনায় তাঁর ছেলে শাহ্ কুতুব উদ্দিন তালুকদার বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। মামলায় কুতুব তাঁর সৎমা আয়শা বেগম ও সৎভাই (আয়শার ছেলে) মাসুদ ইকবালকে আসামি করেন। গত ২ নভেম্বর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল তাঁদের আদালতে হাজিরা ও শুনানির দিন ছিল। কিন্তু ঘেরাও কর্মসূচির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আসামিদের আদালতে হাজির করা হয়নি।