দুর্গাপুরে আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ও পুলিশকে মারধরের অভিযোগে ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপপরিদর্শক সোহেল রানা বাদী হয়ে সরকারি কাজে বাধাদান ও পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ এনে দুর্গাপুর থানায় মামলা করেন।থানার পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার সায়বাড় গ্রামের আলাউদ্দিনের নামে ৪০৬/৪২০ ধারার একটি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাঁকে নিজ বাড়ি থেকে গত শনিবার রাতে গ্রেপ্তার করেন দুর্গাপুর থানার উপপরিদর্শক সোহেল রানা। তাঁকে নিয়ে আসার সময় ঝালুকা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাঁঠালবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নুরুন নবীর নেতৃত্বে ৩০ থেকে ৪০ ব্যক্তি পুলিশের গতিরোধ করে। তারা আলাউদ্দিনকে ছিনিয়ে নেয় এবং পুলিশকে মারধর করে। এতে পুলিশ সদস্য সাইদুর রহমান আহত হন। তাঁকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারপর ঘটনাস্থল থেকে পুলিশ থানায় চলে যায়। এর কিছুক্ষণ পর থানার পুলিশ আবার অভিযান চালিয়ে নুরুন নবী ও তাঁর সহযোগী সায়বাড় পূর্বপাড়া গ্রামের ওমর আলীকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।