দুর্গাপুরে এক কৃষকের মস্তকবিহীন লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুরে ৩৫ দিনের মাথায় গত সোমবার রাতে আরও এক কৃষকের মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই কৃষকের নাম গোলাম নবী (৫৫)। তাঁর বাড়ি উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।আটক হওয়া ব্যক্তিরা হলেন একই গ্রামের বেরাজ উদ্দিনের স্ত্রী ফরেজান বেগম (৪০) ও তাঁর ছেলে আবদুর রহিম (২২)।স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে কৃষকেরা মাঠে কাজে যাওয়ার সময় গ্রামের একটি ভুট্টাখেতে মস্তকবিহীন একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।গোলাম নবীর ছোট ছেলে হাশেম আলী জানান, সোমবার রাত নয়টার দিকে তাঁর বাবা একবার বাড়িতে এসেছিলেন। নানি তাঁকে খাবার খেতে বলেন। কিন্তু বাবা কাঁঠালবাড়িয়ার মোড় থেকে ফিরে এসে খাবেন বলে জানান। রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রামের বেরাজ উদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে গোলাম নবীর শত্রুতা ছিল। বেরাজ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা একটি শাবল উদ্ধার করা হয়েছে। তা ছাড়া তাঁর বাড়ি পাশ থেকে ওই ভুট্টাখেত পর্যন্ত ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখা গেছে। অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা লাশ ভুট্টাখেতে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। গত ১০ মার্চ রাতে দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামে শয়নকক্ষ থেকে দুর্বৃত্তরা আবদুল হান্নান নামের এক কৃষকের মাথা কেটে নিয়ে যায়। এখনো ওই খুনের রহস্যও উদ্ঘাটন করা যায়নি।