দুর্গাপুরে একঘরে হওয়া পরিবারটির মুক্তি মেলেনি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের পুরানতাহিরপুর গ্রামের একঘরে করে রাখা পরিবারটিকে এখনো সমাজে ফিরিয়ে নেওয়া হয়নি।
গ্রাম্য মাতব্বরেরা পরিবারটিকে ফিরিয়ে নিতে গতকাল মঙ্গলবার পর্যন্ত সময় নিলেও শেষপর্যন্ত তা করেননি। পুলিশ একঘরে হয়ে থাকা পরিবারটিকে মামলা করতে পরামর্শ দিয়েছে বলে জানা গেছে।
প্রথম আলোয় ১৮ মার্চ ‘মা-মেয়ে এক বছর ধরে একঘরে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর অনেকেই পরিবারটির খোঁজখবর নেয় বলে জানা গেছে। পুলিশ ১৯ মার্চ ভুক্তভোগী পরিবার ও মাতব্বরদের থানায় ডেকে পাঠায়। ব্রাকের দুর্গাপুরের লিগ্যাল এইড শাখার একটি দলও পরিবারটির খোঁজখবর নেয়। তারা পরিবারটিকে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাও (ইউএনও) ঘটনা তদন্তে গত রোববার তিন সদস্যের কমিটি গঠন করেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার পর্যন্ত তাঁদের সমাজে ফিরিয়ে নেওয়া হয়নি। তবে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পুলিশ ছাড়াও স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠন খোঁজখবর নিয়েছে।
ব্রাকের দুর্গাপুরের লিগ্যাল এইড শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক আফজাল হোসেন অভিযোগ করেন, ‘পরিবারটিকে একঘরে করে রাখার ঘটনায় মামলা করতে আমরা গত তিন দিন ধরে থানায় যাচ্ছি। কিন্তু পুলিশ মামলা নিচ্ছে না।’
দুর্গাপুর থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, ব্র্যাক বিষয়টা নিয়ে ব্যবসা করার চেষ্টা করছে। মাতব্বরেরা পরিবারটিকে সমাজে ফিরিয়ে নিতে সময় নিয়েছিলেন। মঙ্গলবার ওই সময়সীমা শেষ হয়। কিন্তু বিকেল চারটা পর্যন্ত মাতব্বরেরা আর থানায় যোগাযোগ না করায় পরিবারটিকে মামলা করতে পরামর্শ দেওয়া হয়েছে। মামলা হলে মাতব্বরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালিসে থাকা স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক বলেন, গ্রামের যুবক জামাল উদ্দিনের সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে ওঠার একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এক নারী। পরে ওই নারী এক কন্যা সন্তানের জন্ম দেন। এর জের ধরে বছর খানেক আগে ওই নারী ও তাঁর মাকে একঘরে করা হয়। তবে জামালের পরিবার প্রভাবশালী হওয়ায় সালিস মানেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তারুন্নাহারের গঠিত কমিটির সদস্য মোবারক হোসেন বলেন, তিনি অভিযোগের সত্যতা পেয়েছেন।