দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা শুরু আজ
নেত্রকোনার দুর্গাপুরে টঙ্ক আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে ১ জানুয়ারি-২০১৪ পর্যন্ত সাত দিনব্যাপী ‘মণি মেলা’ দুর্গাপুর পৌর এলাকার টঙ্ক সঞ্চৃতিস্তম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
মেলা সূত্রে জানা গেছে, সাত দিনব্যাপী মেলায় জাতীয় রাজনৈতিক নেতারা, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত থাকার কথা রয়েছে। প্রতিদিনই থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যেই বিভিন্ন পণ্য নিয়ে মেলায় অর্ধশতাধিক স্টল বসেছে। প্রতিবছর ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এই মেলা উদ্যাপিত হয়ে আসছে। আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এ কারণে এ বছর ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি-২০১৪ পর্যন্ত মেলা হবে বলে মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক দুর্গাপ্রসাদ তেওয়ারী জানান।