দুর্গাপুরে কোনো প্রকল্প নেই, পবায় ১৯টি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্প ৮২টি। ১০টি উপজেলার মধ্যে এক পবাই পেয়েছে ১৯টি। আর দুর্গাপুর উপজেলা কোনো প্রকল্প পায়নি। আবার টাকার অঙ্কে পবা যে পরিমাণ বরাদ্দ পেয়েছে, তা কম বরাদ্দ পাওয়া ৪টি উপজেলার সমান। এডিপির অর্থে রাজশাহী জেলা পরিষদের গৃহীত প্রকল্পে বরাদ্দ নিয়ে এমন বৈষম্যের অভিযোগ উঠেছে।

জানতে চাইলে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, ‘এখানে উপজেলাভিত্তিক কোনো বিষয় নয়। পবা উপজেলায় মসজিদ-মন্দির বেশি আছে, সেখানে বেশি পেয়েছে। আমাদের মেয়াদ কেবল চার মাস। আস্তে আস্তে জেলার সব উপজেলাতেই সব মসজিদ মন্দির বরাদ্দ পাবে।’

জেলা পরিষদের নথি থেকে দেখা গেছে, রাজশাহী জেলা পরিষদ ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় গত এপ্রিলে ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ পায়। স্থানীয় সরকার বিভাগের এই অর্থ দিয়ে সিটি করপোরেশনসহ (সদর) জেলার ১০টি উপজেলায় দুটি ক্যাটাগরিতে ৮২টি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। দরপত্রের মাধ্যমে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত তালিকায় ৬১ লাখ টাকার ২৪টি ‘ক’ তালিকাভুক্ত প্রকল্প রয়েছে। এর মধ্যে পবায় ৮টি প্রকল্পের বিপরীতে ২৩ লাখ টাকা, মোহনপুরের ৪টি প্রকল্পের বিপরীতে ৮ লাখ টাকা, সদরে ৪টি প্রকল্পের বিপরীতে ১০ লাখ টাকা, চারঘাটে ৪টি প্রকল্পের বিপরীতে ১২ লাখ টাকা, গোদাগাড়ীতে ২টি প্রকল্পের বিপরীতে ৪ লাখ টাকা এবং তানোর ও বাগমারায় একটি করে প্রকল্পের বিপরীতে যথাক্রমে ২ ও ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ তালিকার কোনো প্রকল্প দুর্গাপুর, পুঠিয়া ও বাঘা উপজেলা পায়নি।

অন্যদিকে ‘খ’ তালিকাভুক্ত সিপিপিসির (স্থানীয়ভাবে কমিটি করে প্রকল্পের সরঞ্জাম ক্রয়) মাধ্যমে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত তালিকায় রয়েছে ৯০ লাখ টাকার ৫৮টি প্রকল্প। এর মধ্যে গোদাগাড়ীতে ১৩টি, পবায় ১১টি, বাঘায় ১০টি, বাগমারায় ৮টি, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৫টি, চারঘাটে ৪টি, মোহনপুরে ৪টি, তানোরে ৩টি ও পুঠিয়ায় ১টি প্রকল্প রয়েছে। প্রতিটি প্রকল্পে সর্বনিম্ন ১ লাখ ও সর্বোচ্চ ২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ক্যাটাগরিতেও দুর্গাপুর উপজেলা কোনো প্রকল্প পায়নি।

এ হিসাব বলছে, দুটি ক্যাটাগরি মিলে পবায় ১৯টি প্রকল্পে বরাদ্দের পরিমাণ ৩৭ লাখ টাকা। যেখানে পুঠিয়া, তানোর, মোহনপুর ও সদর মিলে পেয়েছে ৩৭ লাখ টাকার প্রকল্প। পুঠিয়ায় ১টি প্রকল্পে ১ লাখ টাকা, তানোরে ৪টি প্রকল্পে ৮ লাখ টাকা, মোহনপুরে ৮টি প্রকল্পে ১২ লাখ টাকা ও সদরে ৯টি প্রকল্পে ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া গোদাগাড়ীতে ১৫টি প্রকল্পে ২৩ লাখ টাকা, বাগমারায় ৯টি প্রকল্পে ২০ লাখ টাকা, বাঘায় ১০টি প্রকল্পে ১৭ লাখ টাকা এবং চারঘাটে ৮টি প্রকল্পে ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ দুর্গাপুর উপজেলায় এক টাকাও বরাদ্দ নেই।

দুর্গাপুর উপজেলা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য আবদুল মান্নান (ফিরোজ) বলেন, ‘অসুস্থ থাকার কারণে আমি বেশ কিছুদিন ধরে জেলা পরিষদে যেতে পারিনি। আমার এলাকায় কোনো বরাদ্দ না দেওয়ার বিষয়টি শুনেছি। কিন্তু কীভাবে কী হয়েছে, কিছুই জানি না।’

শুধু বরাদ্দবৈষম্যই নয়, এসব প্রকল্প গ্রহণে জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি নিয়ে কোনো আলোচনাই হয়নি বলে অভিযোগ উঠেছে। সভায় এসব প্রকল্প গ্রহণের জন্য আলাদা কোনো এজেন্ডাও দেওয়া হয়নি। ‘বিবিধ’ এজেন্ডায় এসব প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান নিজের মতো করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করছেন বলে অভিযোগ করেছেন বঞ্চিত উপজেলাগুলো থেকে নির্বাচিত সদস্যরা।

পুঠিয়ার সদস্য আবুল ফজল বলেন, ‘প্রকল্পগুলো উপজেলাভিত্তিক সমভাবে বণ্টন করার কথা। কিন্তু প্রকল্প নিয়ে জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় সভায় কোনো আলোচনাই হয়নি। এ নিয়ে সভায় কথা বলতে গেলে চেয়ারম্যান আমাকে আক্রোশমূলক কথা বলেছেন।’

তবে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, প্রকল্প নিয়ে উন্নয়ন সভায় আলোচনা হয়েছে। তবে অল্প সময় থাকায় আলাদা এজেন্ডা না দিয়ে বিবিধ এজেন্ডা হিসেবে আলোচনা করা হয়েছে।