দুর্গাপুরে গারোদের ওয়ানগালা উৎসব উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুরে গতকাল নেচে–গেয়ে গারো সম্প্রদায়ের লোকজন ওয়ানগালা উৎ​সব উদ্‌যাপন করে l ছবি: প্রথম আলো
নেত্রকোনার দুর্গাপুরে গতকাল নেচে–গেয়ে গারো সম্প্রদায়ের লোকজন ওয়ানগালা উৎ​সব উদ্‌যাপন করে l ছবি: প্রথম আলো

নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে গতকাল শুক্রবার দিনব্যাপী গারোদের নবান্ন উৎসব ‘১০০ ড্রামস ওয়ানগালা, ২০১৬’ উদ্‌যাপন করা হয়েছে। পৌর শহরের উতরাইল বাজার এলাকায় গারো ব্যাপটিস্ট কনভেনশন (জিবিসি) ডিসপেনসারি প্রাঙ্গণে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি এ উৎসবের আয়োজন করে।

‘দক্কে দাম্মে খুশি অংঙে আনসেং আৎনা আসংখো (সুরে ছন্দে আলোকিত ক্ষুদ্র নৃগোষ্ঠী)’ বিষয়কে প্রতিপাদ্য করে সকাল ১০টার দিকে ১০০টি ড্রাম বাজিয়ে উৎসব উদ্বোধন করেন ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো ঘুরে একই স্থানে এসে শেষ হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে নেত্রকোনা জেলা প্রশাসক ও বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির সভাপতি মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও একাডেমির পরিচালক শুভ্র চিরানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ, পৌর মেয়র আবদুর সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ছবি বিশ্বাস বলেন, ওয়ানগালা গারোদের সবচেয়ে বড় সামাজিক উৎসব। এ উৎসবে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা গারো সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে তাদের উৎপাদিত পণ্য সৃষ্টিকর্তার প্রতি উৎসর্গ করে ফসলপ্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।