দুর্গাপুরে ছাত্রলীগের হামলায় মহিলাবিষয়ক কর্মকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা বেগম গতকাল বুধবার ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, নিজেদের পছন্দের প্রার্থী ঋণ না পাওয়ায় তাঁরা ওই কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরও করেন। আর মিছিলে বাধা দেওয়ার অভিযোগে বরগুনার পাথরঘাটা ডিগ্রি কলেজের জামায়াতপন্থী এক শিক্ষককে লাঞ্ছিত করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে ওই মিছিল ডাকা হয়েছিল।মহিলাবিষয়ক কর্মকর্তা আহত: দুর্গাপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ঋণ পেতে মোট ৩৮টি আবেদন জমা পড়ে। নির্দিষ্ট নীতিমালার আলোকে এর মধ্যে ১৯টি আবেদনপত্র বাছাই করা হয়।জানা গেছে, নিজেদের পছন্দের লোকজনের আবেদনপত্র বাতিল হওয়ার খবর পেয়ে গতকাল বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাহার আলীর নেতৃত্বে একদল যুবক ঋণ বিতরণ কমিটির সদস্য সচিব মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যান। তাঁরা তাঁদের লোকজনের আবেদনপত্র কেন বাদ দেওয়া হলো জানতে চান। একপর্যায়ে তাঁরা টেবিল-চেয়ার ভাঙচুর শুরু করেন এবং ওই কর্মকর্তাকে মারধর করেন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।ফাতেমা বেগম মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, ঋণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৯টি আবেদনপত্র প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছিল। নীতিমালা অনুযায়ী আবেদনকারীর অন্য কোনো দপ্তরে ঋণ থাকবে না। বাদ পড়া আবেদনকারীরা এমন ছাড়পত্র আনতে পারেননি। বিষয়টি বারবার বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও ছাত্রলীগের সভাপতি আজাহার আলীর উপস্থিতিতে হামলা হয়। ঋণ বিতরণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলতাফ হোসেন শেখ বলেন, আহত কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ছাত্রলীগের নেতা-কর্মী কি না, তা তদন্ত না করে বলা যাচ্ছে না।দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীরা টেবিল-চেয়ার ভাঙচুর করেছেন, টেলিফোনের তার ছিঁড়ে ফেলেছেন। মারধরের শিকার ওই কর্মকর্তা এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।তবে ছাত্রলীগের সভাপতি আজাহার আলী প্রথম আলোকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা জানা নেই। যুবলীগের ছেলেরা সেখানে গিয়েছিল বলে শুনেছি।’ জামায়াতপন্থী শিক্ষক লাঞ্ছিত: শিক্ষার্থীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সকাল ১০টার দিকে বরগুনার পাথরঘাটা ডিগ্রি কলেজে সংগঠনটির পূর্বনির্ধারিত মিছিল ও সমাবেশ ছিল। কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক জাকির হোসাইন তাঁর ক্লাসের ছাত্রলীগের কয়েকজন কর্মীকে মিছিলে যেতে বাধা দেন। এর কারণ জানতে চাইলে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ইমরান নামের এক ছাত্রকে মারধর করেন। এতে ছাত্রলীগের কর্মীরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর চড়াও হন এবং লাঞ্ছিত করেন। তিনি দৌড়ে কলেজ অধ্যক্ষের কক্ষে ঢুকে নিজেকে রক্ষা করেন। ওই শিক্ষকের এমন আচরণের প্রতিবাদে ছাত্রলীগ তাত্ক্ষণিক পাথরঘাটা পৌর শহরে মিছিল করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশ শেষে তারা জাকির হোসাইনকে অবিলম্বে কলেজ থেকে অপসারণের দাবি জানিয়ে কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ গোলাম সবুরকে স্মারকলিপি দেন।কলেজ ছাত্রলীগের সভাপতি শামীম হাসান জানান, জাকির হোসাইনের অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।যোগাযোগ করা হলে জাকির হোসাইন বলেন, ‘মিছিলে যেতে বাধা দেওয়া হয়নি। পাঠদান চলাকালে কে বা কারা জানালা থেকে গালাগাল করে। শ্রেণীকক্ষ থেকে বাইরে এলে একদল বহিরাগত লোক আমাকে লাঞ্ছিত করে।’ তিনি বলেন, ‘আমি জামায়াতের কোনো পদে না থাকলেও দলটির সমর্থক।’পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম জানান, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কলেজ ক্যাম্পাস ও শহরে পুলিশকে সতর্ক রাখা হয়েছে।