দুর্গাপুরে ধরা পড়ল লজ্জাবতী বানর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুরে লোকালয় থেকে বিরল প্রজাতির একটি বানর আটক করা হয়েছে। গত সোমবার রাতে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের চকলেঙ্গুরা এলাকায় এক ব্যক্তি কয়েকজন সহযোগী নিয়ে এ বানরটি আটক করেন। বানরটির উচ্চতা প্রায় এক ফুট, লম্বায় দেড় ফুট। গায়ের ছাই রং। আটকের পর এটি দেখার জন্য উৎসুক লোকজন ভিড় জমায়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া বলেছেন, ‘এই দুর্লভ প্রাণীটিকে পাওয়া আমাদের জন্য ভালো খবর। একে নিরাপদে রাখাটা খুব জরুরি।’

যে ব্যক্তি বানরটিকে ধরেছেন ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গাপুর পৌর শহরের চকলেঙ্গুরা এলাকার মো. আমিরুল ইসলাম গত সোমবার রাত ১০টার দিকে শহর থেকে বাড়ি ফেরেন। বাড়ির সামনে তিনি টর্চলাইট জ্বালালে আলোতে একটি প্রাণীর চোখ জ্বল জ্বল করে ওঠে। এতে তিনি ভয় পেয়ে যান। পরে চিৎকার করলে বাড়ি থেকে তাঁর বড় ভাই তাজুল ইসলাম ও লোকজন আলো নিয়ে ছুটে আসেন। এ সময় এ প্রাণীটি পাশের কোমর গাছের মাচায় উঠে পড়ে। লোকজন এটিকে আটক করে আমজাদ হোসেনের বাড়িতে এনে বেঁধে রাখে। আজ মঙ্গলবার সকালে বাজার থেকে খাঁচা এনে প্রাণীটি তাতে রাখা হয়। খাবার হিসেবে কলা, রুটি ও ডিম দেওয়া হয়। ওই দিন সকালে তাজুল ইসলাম তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির ছবি দিয়ে পোস্ট করেন। দুপুরে ঢাকার বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক আবদুল্লাহ আল সাদিকের নজরে পড়ে বিষয়টি। তিনি তাজুল ইসলামকে মুঠোফোনে বলেন, এটি একটি বিরল প্রজাতির লজ্জাবতী প্রাণী। এ প্রাণীটি তিনি যত্ন করে রাখতে ও খাবার দিতে অনুরোধ জানান। পরে তিনি বাংলাদেশ লজ্জাবতী বানর গবেষণা ও সংরক্ষণ প্রতিষ্ঠানকে বিষয়টি জানান। ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক হাসান আল রাজি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিরল প্রজাতির এ লজ্জাবতী বানরটিকে উদ্ধার করতে আমার প্রতিষ্ঠান থেকে দুজন লোক পাঠানো হয়েছে। হয়তো কাল বুধবার সকালে দুর্গাপুরে পৌঁছাবে। এটি উদ্ধার করে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে মুক্ত করা হবে।
বন্য প্রাণী বিশেষজ্ঞ মোহাম্মদ জাকারিয়া বলেন, মৌলভীবাজারের লাউয়াছড়া বন এবং হবিগঞ্জের সাতছড়িতে লজ্জাবতী বানর আছে। তবে দুই জায়গাতেই এ বানরটি খুব ভালো অবস্থায় নেই। দুর্গাপুরের এই বানরটিকে তাই এসব বনে ছেড়ে দিলে সেটি সঠিক সিদ্ধান্ত হবে।