দুর্গাপুরে নারী শ্রমিকদের ৫ লাখ টাকা আত্মসাত্!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক প্রকল্প তদারক কর্মকর্তার বিরুদ্ধে নারী শ্রমিকদের পাঁচ লাখেরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এই অর্থ শ্রমিকদের ভাতা বাবদ ব্যাংকে গচ্ছিত ছিল।জেলা নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।সূত্র জানায়, ২০০৮ সালের জুলাইয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচিতে (আরইআরএমপি) উপজেলার সাতটি ইউনিয়নে ৭০ জন দুস্থ নারীকে পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। প্রতি মাসে জনপ্রতি ভাতা নির্ধারণ করা হয় দুই হাজার ৭০০ টাকা।প্রকল্পের নিয়ম অনুযায়ী, ভাতা হিসেবে শ্রমিকেরা প্রতি মাসে নগদ পাবেন এক হাজার ৬০০ টাকা। বাকি টাকা তাঁদের প্রত্যেকের ব্যাংক হিসাবে জমা করা হবে। এ জন্য প্রত্যেকের নামে ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলতে হবে। ব্যাংকে জমা করা এই টাকা পাঁচ বছর পর তাঁরা একসঙ্গে উত্তোলন করবেন।জানা যায়, এরই মধ্যে দুর্গাপুরের ওই প্রকল্পের মেয়াদ দুই বছর ছয় মাস হয়ে গেছে। তাঁদের প্রত্যেকের ব্যাংক হিসাবে প্রায় ৩৩ হাজার টাকা জমা থাকার কথা। কিন্তু সম্প্রতি তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন, বিভিন্ন ইউনিয়নের ১৭ জন নারীর হিসাব থেকে ৩০ থেকে ৩২ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।শ্রমিক বিরলা চিচিম, কাজলী সাংমা, স্মৃতি চিচিম, রহিমা খাতুন, জ্যোত্স্না খাতুন ও পুষ্প রানী গত বৃহস্পতিবার জানান, তাঁদের হিসাবের চেক বই উপজেলা প্রকৌশল অফিসে জমা ছিল। প্রকল্প তদারকের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা মো. আমিন শ্রমিকদের ঘর, নলকূপ ও শৌচাগার তৈরি করে দেওয়ার কথা বলে সম্প্রতি চেক বইয়ে তাঁদের সই নেন। এরপর তিনি আর কর্মস্থলে আসেননি। তাঁরা আরও অভিযোগ করেন, প্রতি মাসে নগদ ভাতা দেওয়ার সময় তিনি (আমিন) ৫০ টাকা করে কম দিয়েছেন।এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও মো. আমিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ওই তদারক কর্মকর্তা দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। তাঁকে এবং ওই শ্রমিকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শ্রমিকদের নোটিশ দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রকল্পের নিয়ম অনুযায়ী শ্রমিকেরা পাঁচ বছরের আগে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন না। এটা জানা সত্ত্বেও তাঁরা টাকা তুলতে চাইতে পারেন না।সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখার ব্যবস্থাপক নুরুল হক বলেন, চেকের স্বাক্ষরের সঙ্গে ব্যাংক হিসাবধারীদের স্বাক্ষর মিলিয়ে টাকা দেওয়া হয়েছে।দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম জানান, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।