দুর্গাপুরে বন্য হাতির মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: প্রথম আলো
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: প্রথম আলো

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেনকি ফান্দা এলাকায় সীমান্তবর্তী কাঁটাতারের বাইরে থেকে হাতিটি উদ্ধার করা হয়। তবে হাতিটির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

এলাকার কয়েকজন বাসিন্দা, বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে স্থানীয় লোকজন হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে বন বিভাগ ও পুলিশে খবর দেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় বন বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের লোকজন পুলিশ নিয়ে হাতির শরীরের বিভিন্ন অঙ্গের নমুনা সংগ্রহ করে।
দুর্গাপুর পৌর এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী নির্মলেন্দু সরকার প্রথম আলোকে জানান, বিশাল আকারের স্ত্রী প্রজাতির ওই হাতিটির দাঁত, কান, শুঁড়ের কিছু অংশসহ বিভিন্ন অঙ্গ দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে। আজ শুক্রবার সকালে বন বিভাগের উদ্যোগে হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বন বিভাগের দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা সাইদুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

রেঞ্জ কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, বাংলাদেশ-ভারত সীমানার ১১৬২ নম্বর পিলারের প্রায় ৬০ গজের মধ্যে হাতিটির মৃতদেহ পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য কলিজাসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। কী কারণে প্রাণীটি মারা গেছে তা বলা যাচ্ছে না। তবে হাতির পেটে বেশ পুরোনো একটি আঘাতের চিহ্ন রয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হ‌ুমায়ূন কবীর প্রথম আলোকে বলেন, মৃত হাতির খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এটি ওই স্থান থেকে সরানো সম্ভব না হওয়ায় আজ সকাল ছয়টার দিকে মাটিচাপা দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ নিয়ে বন বিভাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

নেত্রকোনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার বসাক বলেন, হাতিটির যথেষ্ট বয়স হয়েছে। সেটির ওপর হয়তো কোনো জন্তুর আক্রমণ হয়ে থাকতে পারে। পেটে পুরোনো একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি বনের হাতি, তাই পুরো দায়িত্ব বন বিভাগের। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ময়নাতদন্ত করা হচ্ছে। প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।