দুর্গাপুরে বেইলি সেতু ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
নেত্রকোনায় শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের দুর্গাপুর উপজেলার কাকৈইগড়া ইউনিয়নের শান্তিপুরের বেইলি সেতুটি গতকাল শনিবার সন্ধ্যায় ভেঙে খালে পড়ে গেছে। এ সময় সেতুর ওপর একটি ট্রাক ছিল। এতে দুর্গাপুর কলমাকান্দার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের অভিযোগ, সেতুটি কয়েক দিন পর পর ভেঙে যায়। আর সড়ক ও জনপথ বিভাগ বারবার (সওজ) জোড়াতালি দেয়।
উপজেলা চেয়ারম্যান কার্যালয় সূত্রে জানা গেছে, শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের শান্তিপুরের ওই সেতুটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ এবং শত শত বালু ও সাদা মাটি ভর্তি ট্রাক, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যান চলাচল করে। সোমেশ্বরী নদী থেকে বালুবোঝাই করে শতাধিক ট্রাক-লরি জেলাসহ পাশের ময়মনসিংহ ও ঢাকায় যায়। গতকাল সন্ধ্যায় একটি বালুভর্তি ট্রাকসহ সেতুটি ভেঙে যায়। এতে এখন ওই সড়ক দিয়ে যাতায়াতকারী লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে সওজের দাবি, এই সেতু দিয়ে পাঁচ টনের বেশি মালামাল বহন করা নিষিদ্ধ। এ নিয়ে সতর্কবার্তাও টানানো হয়েছে। কিন্তু সওজের নির্দেশ না মেনে প্রতিদিন এই সেতু দিয়ে ২৫ থেকে ৩০ টনের বেশি মালামাল নিয়ে যাওয়া হচ্ছে।
সেতুর কাছে শিমুলতলা বাজারের ওষুধ ব্যবসায়ী ও পল্লি চিকিৎসক অজিত দেবনাথ বলেন, বালুবোঝাই ভারী ট্রাকের কারণেই কিছু দিন পর পরই এটি ভেঙে যায়। ওষুধ কোম্পানির প্রতিনিধি শাহ আবদুল হালিম বলেন, ‘আমি নিয়মিত এই রাস্তা দিয়ে নেত্রকোনা থেকে দুর্গাপুর যাই। প্রায়ই সেতুটি ভেঙে যায়। আজ পাঁচজন পর্যটক এসেছিল পাহাড় দেখতে। তাঁরা আবার ফিরে যাচ্ছে।’
দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদ খান অভিযোগ করে বলেন, ‘সেতুতে প্রচুর চাপ পড়ায় এটি কয়েক মাস পরপর এভাবে ভাঙে। এরপর সওজ প্রকৌশলীকে বলা হলে তিনি লোক পাঠান। তাঁরা এসে জোড়াতালি দিয়ে যায়। এর প্লেটগুলো খুব হালকা। এটি ভেঙে পাকা করা দরকার।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘এখানে একটি সতর্ক বার্তা টানানো আছে। কিন্তু কেউ তা মানে না।’