দুর্গাপুরে ভুয়া তিন চিকিৎসক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভুয়া তিন চিকিৎসককে জরিমানা করেছেন এবং তাঁদের দুজনকে কারাদণ্ড দিয়েছেন। চিকিৎসক পরিচয় দিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে রোগীদের চিকিৎসা ও অস্ত্রোপচার করে আসছিলেন। দণ্ডপ্রাপ্ত দুজনকে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে। আগের দিন বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাঁদের গ্রেপ্তার করেন।ভুয়া চিকিৎসকেরা হলেন উপজেলার তিয়ারকুড়ি গ্রামের শান্ত মিয়া (৪০), পাবনা সদর উপজেলার শালগড়িয়া গ্রামের মাহবুবুর রহমান (৪৮) ও তাঁর স্ত্রী আজমিরা মুন্নী (৩৩)। তাঁরা এক বছর ধরে দুর্গাপুর বাজারের ‘জননী ক্লিনিকে’ বিভিন্ন রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার করে আসছিলেন বলে জানা গেছে।দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলতাফ হোসেন সেখের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার বিকেলে জননী ক্লিনিকে অভিযান চালান। আদালত তাত্ক্ষণিকভাবে শান্ত মিয়াকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড; মাহবুবুর রহমানকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। অন্যদিকে আজমিরা মুন্নীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, শান্ত মিয়া এসএসসি পাস এবং পল্লি চিকিত্সকের তিন মাসের প্রশিক্ষণ নেওয়া আছে। মাহবুবুর রহমান ও আজমিরা মুন্নী পাবনার একটি ক্লিনিকে চিকিৎসকের সহযোগী হিসেবে কিছুদিন কাজ করেছেন।