দুর্গাপুরে যুবদল-যুবলীগের কর্মসূচি, ১৪৪ ধারা জারি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার একই স্থানে যুবদল ও যুবলীগ সমাবেশ আহ্বান করায় গতকাল মঙ্গলবার বিকেলে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুল ইসলাম জানান, গতকাল বিকেল চারটায় উপজেলার শালঘরিয়া ফুরকানিয়া মাদ্রাসা মাঠে যুবদল কাউন্সিল উপলক্ষে এবং যুবলীগ যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে সমাবেশ আহ্বান করে। এতে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন গতকাল বেলা দুইটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মাদ্রাসা মাঠ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে।দুর্গাপুর থানা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিকভাবে গত ৭ অক্টোবর প্রশাসনের কাছ থেকে অনুমোদন নিয়েছি। কিন্তু হঠাৎ করে কীভাবে যুবলীগ সেখানে একই সময় কর্মসূচি দিল সেটা বিবেচনা না করেই প্রশাসনের ১৪৪ ধারা জারি রহস্যজনক ও উদ্দেশ্যপ্রণোদিত।’ দুর্গাপুর উপজেলায় যুবলীগের প্রচার সম্পাদক আবু সাঈদ মণ্ডল বলেন, তিনিই আগে সভা আহ্বান করেছেন। কবে সভা আহ্বান করেছেন জানতে চাইলে তিনি বলেন, আজ থেকে চার দিন আগে। যুবদল ৭ অক্টোবর প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছে জানালে তিনি বলেন, ওরা ভুল বলেছে। যুবদল সূত্র জানায়, পূর্বনির্ধারিত স্থানে ১৪৪ ধারা জারি করায় উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুরে যুবদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়।