দুর্গাপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার বহরমপুর গ্রামে গত শুক্রবার ধর্ষণের পর শ্বাস রোধ করে সাত বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তাঁর স্বজনেরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) ১০ জন আহত হয়েছেন।
ওই শিশুর নাম আলো খাতুন। সে বহরমপুর গ্রামের কামরুল হোসেনের মেয়ে। গ্রেপ্তার হওয়া তরুণের নাম রতন আলী (১৮)। তিনি একই গ্রামের বেলাল হোসেনের ছেলে। ধর্ষণের পর হত্যার অভিযোগে কামরুলের বিরুদ্ধে শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দেড়টার দিকে রতন বাড়ির পাশের হোজা নদী থেকে পদ্ম ফুল তুলে দেওয়ার কথা বলে আলোকে ডেকে নিয়ে যান। এরপর তিনি তাকে নদীর ধারে একটি পানের বরজে নিয়ে ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা করেন। ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন রতনকে আটক করে আসাদুলের বাড়িতে আটকে রাখেন।
খবর পেয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে রতনকে থানায় নিয়ে আসার সময় তাঁর স্বজনেরা পুলিশের ওপর হামলা করে। পুলিশ লাঠিপেটা শুরু করলে তাঁদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়।
এতে দুর্গাপুর থানার এসআই সোহেল রানা, কনস্টেবল আশরাফুল, রমজান (১), রমজান (২), গ্রাম পুলিশ নূর ইসলামসহ ১০ জন আহত হন। এ সময় পুলিশ সেখান থেকে রতনকে নিয়ে চলে আসে। সন্ধ্যার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলোর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রতনকে গতকাল শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। একই দিন আলোর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।