দুর্গাপুরে সাত দিনব্যাপী মণি সিংহ মেলা শুরু
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাত দিনব্যাপী মণি সিংহ মেলা শুরু হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ও টংক আন্দোলনের পুরোধা কমরেড মণি সিংহের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার এ মেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক দুর্গাপ্রসাদ তেওয়ারী মেলার উদ্বোধন করেন। সকালে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।পরে আহ্বায়ক দুর্গাপ্রসাদ তেওয়ারীর সভাপতিত্বে কমরেড মণি সিংহের জীবনের ওপর আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাক আহমেদ, বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রধান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কমরেড আবদুল্লাহ হক প্রমুখ। বক্তারা সরকারের উদ্দেশে বলেন, মানবতাবিরোধীরা দেশের তথা জাতির শত্রু। মানবতাবিরোধীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন করতে হবে। জামায়াত-শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ করে দেশকে কালিমামুক্ত করতে হবে। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।