দুর্গাপুরে হাতির মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মেনকি ফান্দা এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করা হাতির মরদেহ l প্রথম আলো
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মেনকি ফান্দা এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করা হাতির মরদেহ l প্রথম আলো

নেত্রকোনার দুর্গাপুরে গত বৃহস্পতিবার একটি বুনো হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার মেনকি ফান্দা এলাকায় ভারতীয় সীমানার কাঁটাতারের পাশে এটি পাওয়া যায়। গতকাল শুক্রবার বন বিভাগের লোকজন মৃতদেহটি মাটিচাপা দিয়েছেন।
দুর্গাপুর পৌর এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী নির্মলেন্দু সরকার প্রথম আলোকে বলেন, বিশাল আকারের স্ত্রী প্রজাতির হাতিটির দাঁত, কান, শুঁড়ের কিছু অংশসহ বিভিন্ন অঙ্গ দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা, বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে স্থানীয় ব্যক্তিরা হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁরা বন বিভাগ ও থানায় খবর দেন। সন্ধ্যায় বন বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের লোকজন পুলিশ নিয়ে এসে হাতিটির শরীরের বিভিন্ন অঙ্গের নমুনা সংগ্রহ করেন। এ ঘটনায় বন বিভাগের দুর্গাপুর রেঞ্জের কর্মকর্তা সাইদুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রেঞ্জ কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, বাংলাদেশ-ভারত সীমানার ১১৬২ নম্বর পিলারের প্রায় ৬০ গজের মধ্যে হাতিটির মৃতদেহ পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য এটির শরীরের বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। কী কারণে প্রাণীটি মারা গেছে—বলা যাচ্ছে না। হাতিটির পেটে বেশ পুরোনো একটি আঘাতের চিহ্ন রয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবীর বলেন, ওই স্থান থেকে সরানো সম্ভব না হওয়ায় মৃতদেহটি সেখানেই মাটিচাপা দেওয়া হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার বসাক বলেন, হাতিটির যথেষ্ট বয়স হয়েছে। তার ওপর কোনো জন্তুর আক্রমণ হয়ে থাকতে পারে। এটির দায়িত্ব বন বিভাগের। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এটির ময়নাতদন্ত করা হচ্ছে। প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।