দুর্গাপুরের শতবর্ষী গাছ কাটার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা
নেত্রকোনা জেলার দুর্গাপুর-ঝাঞ্জাইল সড়কের শত বছর বয়সী গাছগুলো কাটার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে দরপত্রের ভিত্তিতে ওইসব গাছ কাটতে নেওয়া পদক্ষেপ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। পরিবেশসচিব, স্থানীয় সরকারসচিব, নেত্রকোনার জেলা প্রশাসক, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিষদের সহকারী প্রকৌশলীকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ২ আগস্ট নেত্রকোনা জেলা পরিষদের পক্ষ থেকে গাছ নিলাম বিক্রির দরপত্র বিজ্ঞপ্তি একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নেত্রকোনা জেলা পরিষদের মালিকানাধীন ঝাঞ্জাইল বাজার হতে দুর্গাপুর উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তার উভয় পাশে বিভিন্ন প্রজাতির ২৪৯টি গাছ ছয়টি গ্রুপে নিলামে বিক্রয় করার জন্য (যেখানে যে অবস্থায় আছে) ইচ্ছুক প্রকৃত ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিকট দরপত্র আহ্বান করা যাচ্ছে।’এ বিষয়ে স্থানীয় গারো ব্যাপটিস্ট কনভেনশনের (জিবিসি) সাধারণ সম্পাদক লিটন ম্রং ৯ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করেন। এতে জমির মালিকানা সমস্যা তুলে ধরা হয়। শুনানি নিয়ে ১১ অক্টোবর আদালত গাছ কাটার ওপর ১০ দিনের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু এর পরও গাছ কাটা হচ্ছে—এমন অভিযোগে আদালত অবমাননার আবেদন করা হয় গত বৃহস্পতিবার। গতকাল বিষয়টি আদেশের জন্য আদালতের কার্যতালিকায় আসে।আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস মামলা পরিচালনা করেন। শুনানিতে খুরশীদ আলম খান বলেন, রাস্তার পাশের এসব গাছের বয়স শত বছরের বেশি। গাছ কাটতে নেওয়া পদক্ষেপ আইনবহির্ভূত। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুচক্রী মহল এসব কাছ কাটার উদ্যোগ নিয়েছে। রিটের পরিপ্রেক্ষিতে রুল জারির আরজি জানান তিনি। এর বিরোধিতা করে সমরেন্দ্রনাথ বিশ্বাস বলেন, এতে সড়ক সম্প্রসারণের ও সংস্কারের কাজ ব্যাহত হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এরপর আদালত রিট আবেদনটি খারিজ করে দেন। পাশাপাশি উত্থাপন করা হয়নি বিবেচনায় আদালত অবমাননার আবেদনটিও খারিজ করে দেন।পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, মালিকানার বিষয়টি সম্পৃক্ত থাকায় আদালত রিট গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দিয়েছেন। তবে সংবাদপত্রের নিবন্ধ ও প্রতিবেদন পর্যালোচনা করে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন। দরপত্রের ভিত্তিতে গাছ কাটতে নেওয়া পদক্ষেপ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। রিট খারিজের পর পরবর্তী পদক্ষেপ প্রশ্নে খুরশীদ আলম খান বলেন, আদালতের জারি করা রুলে পক্ষভুক্ত হতে আবেদন জানানো হবে।