দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে প্রগতিশীল সাত রাজনৈতিক সংগঠন। গত রোববার রাতে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা থেকে সরকারের কাছে এই আহ্বান জানায় সংগঠনগুলো। একই সঙ্গে রামু, উখিয়া টেকনাফ ও পটিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় তাদের ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ক্ষতিপূরণ এবং বিধ্বস্ত বৌদ্ধবিহারগুলোকে আগের মতো সজ্জিতকরণের আহ্বান জানিয়েছে তারা।সাত সংগঠন হলো: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল), গণ আজাদী লীগ, কমিউনিস্ট পার্টি, গণঐক্য ও পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতি।সভায় বলা হয়, ইতিমধ্যে বিভিন্ন স্থানে স্থাপিত দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে, যা উদ্বেগজনক। সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য আবু হামেদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুল হক মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান, গণঐক্যের সদস্যসচিব এস এম এ সবুর, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায়, জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।