দুর্গাপূজা উপলক্ষে বরেন্দ্র অঞ্চলে উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজা উপলক্ষে বরেন্দ্র অঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। অতিথিদের মুগ্ধ করতে বসতঘরের মাটির দেয়ালে আলপনা আঁকায় মেতে উঠেছে আদিবাসী ও হিন্দু গাঁয়ের বধূ ও মেয়েরা। গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জের সদর, নাচোল ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
গতকাল সকালে নাচোলের টিকইল গ্রামে গিয়ে দেখা যায় মা, মেয়ে ও বউদের এ কর্মতৎপরতায় গোটা গ্রামেই সাজ সাজ অবস্থা। রাস্তার পাশেই দাসুচন্দ্র বর্মণের বাড়ি। তাঁর বসতঘরের বারান্দার খুঁটিগুলোও মাটি দিয়ে তৈরি। দেয়ালের কাজ শেষ করে খুঁটিতে পরম মমতায় আলপনা আঁকছেন দাসুচন্দ্রের স্ত্রী দেখন বালা বর্মণ।
পাশে রঞ্জিত বর্মণের স্ত্রী অনিতা বর্মণ, দিনবন্ধু বর্মণের স্ত্রী পূর্ণিমা বর্মণ, বাদল বর্মণের স্ত্রী প্রতিমা বর্মণ, লজেন বর্মণের স্ত্রী কামিনী বর্মণও মাটির দেয়ালে আলপনা আঁকায় ব্যস্ত।
সদর উপজেলার আদিবাসী গ্রাম আমারক, চম্পাতলা, জুগিডাইং বিলবৈলঠ্যা এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামেও উৎসবের আমেজ দেখা গেছে। বাবুডাইং আদিবাসী গ্রামে আলপনা আঁকার প্রতিযোগিতার আয়োজন করেছে স্থানীয় নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা।