দুর্গাপূজা নির্বিঘ্ন রাখতে আইজিপির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন সে জন্য সব পুলিশ কর্মকর্তাকে নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল সোমবার দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক সভায় আইজিপি এ নির্দেশ দেন। সকালে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। সভায় আইজিপি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।
সভায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জিতেন্দ্রনাথ ভৌমিক ও সাধারণ সম্পাদক নারায়ণ সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক নির্মল চ্যাটার্জি ও যুগ্ম সাধারণ সম্পাদক মণীন্দ্র নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।