দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবি হিন্দু মহাজোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজায় তিন দিনের ছুটি এবং সারা দেশে মঠ-মন্দির ও প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ১০ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন করতে হবে। নইলে ১৩ নভেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে হিন্দু নিধন, মঠ-মন্দির ধ্বংস এবং শত্রু সম্পত্তি আইন জারি রেখে লাখ লাখ একর হিন্দু সম্পত্তি দখল অব্যাহত রয়েছে। গত দুই মাসে সারা দেশের অনেক জায়গায় প্রতিমা ভাঙচুর ও হিন্দু মেয়েদের অপহরণ করা হয়েছে। সরকার অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করছে না। তিনি আরও বলেন, এক দিন সরকারি ছুটি হওয়ায় দূর্গাপূজার আনন্দ ভাগাভাগি করা সম্ভব হয় না।
লিখিত বক্তব্যে বলা হয়, সরকার সংবিধানে অসাম্প্রদায়িক আদর্শের কথা বলেছে। কিন্তু বাস্তবে এর প্রতিফলন নেই। হিন্দু মহাজোট সংসদে হিন্দুদের জন্য ৬০টি আসন সংরক্ষণ করে পৃথক নির্বাচন, সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সংখ্যালঘু থেকে জনসংখ্যার সমান হারে মন্ত্রী নিয়োগ দেওয়ার দাবি জানায়। এ ছাড়া দুর্গাপূজায় অষ্টমী, নবমী ও দশমীর দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়।