দুর্গাপূজার আগমনধ্বনি, মহালয়ার ঘট বসেছে
শুভ মহালয়ার ঘট বসেছে আজ মঙ্গলবার সকালে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজামণ্ডপে সকাল ১০টার দিকে মহালয়ার ঘট বসানো হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ প্রথম আলোকে বলেন, মহালয়ার ঘট ভোরে বসানো হয়। তবে আজ সকাল সাড়ে নয়টা পর্যন্ত কৃষ্ণপক্ষ ছিল। এরপর শুরু হয় শুক্লপক্ষ। দেবীপক্ষের শুরুতে সকাল ১০টার দিকে ঢাকেশ্বরীতে মহালয়ার ঘট বসানো হয়েছে। তবে মহালয়ার মূল অনুষ্ঠান আগামীকাল বুধবার ভোরে হবে। কাল ভোর ছয়টায় চণ্ডীপাঠ ও ভক্তিমূলক সংগীত দিয়ে দেবীকে স্মরণ করা হবে।
বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহালয়া। শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। আর এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি।
এবার ৩০ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজা। তবে আজই বেজেছে দুর্গাপূজার আগমনধ্বনি।