দুর্গাপূজার আজ মহাষ্টমী ও কুমারী পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী আজ বৃহস্পতিবার। আজ ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা।
মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজা। শাস্ত্রমতে, এদিন মা দুর্গার অপর কোনো নামে কুমারীর নামকরণ করা হবে।
কোনো ছোট্ট শিশুকন্যাকে ‘কুমারী মা’-এর আসনে বসানোর পরপরই আজ সকাল সাড়ে ১০টায় রামকৃষ্ণ মিশনে শুরু হবে কুমারী পূজার আনুষ্ঠানিকতা। ১৬টি উপকরণ দিয়ে পূজার আনুষ্ঠানিকতার সূত্রপাত। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস—এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী’ মা’-এর পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। পূজার শেষে প্রধান পূজারি দেবীর আরতি নিবেদন করে দেবীকে প্রণাম করবেন। পূজার মন্ত্র পাঠ করে ভক্তদের মধ্যে চরণামৃত বিতরণের মধ্য দিয়ে ৪০ মিনিট পর শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা।
ঢাকা রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বেদময়ানন্দ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ৪০ মিনিট সময় নিয়ে কুমারী পূজা সম্পন্ন হওয়ার পর হবে সন্ধি পূজা।
দুপুর ১২টায় প্রসাদ বিতরণ করা হবে। এবার ২৫ হাজার পূজার্থী ও দর্শনার্থীর মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে গতকাল রাজধানীসহ সারা দেশে অনুষ্ঠিত হয় দুর্গাপূজার মহাসপ্তমী। রামকৃষ্ণ মিশনে গতকাল সকাল সাতটায় পূজা শুরু হয়ে শেষ হয় বেলা একটা ১০ মিনিটে।
মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সকাল প্রায় নয়টায় শুরু হয় দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও বিহিত পূজা। বিকেলে কমিটি দুস্থদের মধ্যে কাপড় বিতরণ করে এবং সন্ধ্যায় আরতি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ ছাড়া রাজধানীর গুলশান-বনানী এলাকার বাসিন্দাদের উদ্যোগে বনানী মাঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণে, ভোলানন্দ গিরি আশ্রমে, তাঁতীবাজার, শাঁখারীবাজার, নর্থব্রুক হল, মালাকারটোলা, সিদ্ধেশ্বরী কালীমন্দির, রাজারবাগ বরদেশ্বরী কালীমন্দির, কলাবাগান মাঠ প্রভৃতি স্থানে পূজামণ্ডপে গতকাল সপ্তমী পূজা হয়। এসব মণ্ডপে আজ মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হবে।