দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর ৩৩ হাজার সদস্য নিয়োজিত থাকবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা পালনকালে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩৩ হাজার সদস্য নিয়োজিত থাকবেন। পূজার সময় যাতে পরিস্থিতির অবনতি না হয়, সে জন্য রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরসহ দেশের অন্যান্য মণ্ডপে কঠোরভাবে দায়িত্ব পালন করতে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসংক্রান্ত এক বৈঠকে এ কথা জানানো হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, সারা দেশে ২৫ হাজারেরও বেশি পূজামণ্ডপ তৈরি করা হচ্ছে। শুধু ঢাকায় হচ্ছে ১৯১টি মণ্ডপ। ওয়াইজঘাটে মহানগর সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির নিয়ন্ত্রণে একসঙ্গে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে। বৈঠক শেষে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার বলেন, পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় তিনটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হবে। এগুলোর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি, পুলিশ সদর দপ্তরে একটি এবং পুলিশের মহাপরিদর্শকের কার্যালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষ থাকবে। এ সময় পুলিশ সদর দপ্তরে সার্বক্ষণিক ৯৬১১৩৫৩ নম্বরের একটি টেলিফোন খোলা রাখা হবে। এর মাধ্যমে জনসাধারণ তাদের অভিযোগ জানাতে পারবে।