দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঢাকাসহ সারা দেশে যাতে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালিত হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার সারা দেশে ২৮ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা হবে। গতবারের চেয়ে এবার এক হাজার মণ্ডপ বাড়ছে। গতবার ছিল ২৭ হাজার। ঢাকায় ১৯৬টি পূজামণ্ডপে পূজা হবে। গতবার এ সংখ্যা ছিল ১৯৩টি। বর্তমান সরকারের আমলে শান্তিপূর্ণভাবে পূজা হওয়ায় মণ্ডপের সংখ্যা বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে জেলা প্রশাসকের নেতৃত্বে থাকা কমিটিকে এই সভার তথ্য দেওয়া হবে, যাতে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে পূজা উদ্যাপিত হয়।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের জন্য যা যা করার দরকার, সেভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সভায় স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদারসহ সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।আগামী ২ থেকে ৬ অক্টোবর দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎ সব শারদীয় দুর্গাপূজা পালিত হবে। এ উপলক্ষে দেশজুড়ে পূজামণ্ডপ তৈরিসহ দেশজুড়ে চলছে আনুষঙ্গিক প্রস্তুতি।