দুর্গাপূজায় বখাটেদের উৎপাত বন্ধের দাবি
দুর্গাপূজার সময় পাবনার ঈশ্বরদী উপজেলায় বখাটেদের উৎপাত ও মাদক বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। ঈশ্বরদী ডাকবাংলোয় গত শুক্রবার রাতে আইনশৃঙ্খলাবিষয়ক সভায় এ দাবি জানানো হয়।
আইনশৃঙ্খলাবিষয়ক সভায় উপস্থিত নেতা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার ওসি বিমান কুমার দাশ। এতে উপজেলার বিভিন্ন মন্দির পরিচালনা ও দুর্গাপূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী, মৌবাড়ি-ঠাকুরবাড়ি-বারোয়ারি মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার কুণ্ডু প্রমুখ। সভায় হিন্দু সম্প্রদায়ের নেতারা পূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।
সুনীল চক্রবর্তী জানান, সুন্দর পরিবেশে তাঁরা পূজা উদ্যাপন করতে চান। এ কারণে পূজামণ্ডপ এলাকায় বখাটেদের উৎপাত বন্ধ করতে হবে। এ সময় ওসি বিমান কুমার আশ্বস্ত করে জানান, পূজার সময় ঈশ্বরদীতে নিরাপত্তা জোরদার করা হবে।