বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জাতীয় পরিষদ সভায় আসন্ন দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে পূজা উদ্যাপন পরিষদের এক সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার এ আশ্বাস দেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ধর্মান্ধ শক্তি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশকে আবার স্বাধীনতা-পূর্ব অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। তাঁরা বলেন, চট্টগ্রামের হাটহাজারী, সাতক্ষীরা, দিনাজপুরের চিরিরবন্দর এবং সর্বশেষ কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় সুপরিকল্পিত সাম্প্রদায়িক হামলার ঘটনা অন্ধকার যুগে ফিরে যাওয়ারই সাক্ষ্য বহন করে। বক্তারা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিককে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথভাবে বাস্তবায়ন, সব সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু বিচার দাবি করা হয়। কানুতোষ মজুমদারের সভাপতিত্বে সভায় মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, সাংসদ সাধন মজুমদার, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহম্মেদ, পূজা উদ্যাপন পরিষদের নেতা মনীন্দ্র কুমার নাথ, অনিল চন্দ্র নাথ, চিত্তরঞ্জন মজুমদার, নিম চন্দ্র ভৌমিক, প্রদীপ কুমার চক্রবর্তী, তপনানন্দ ব্রহ্মচারী, রানা দাশগুপ্ত, কাজল দেবনাথ, বাসুদেব ধর, তাপস কুমার পাল, নির্মল কুমার চ্যাটার্জি প্রমুখ বক্তব্য দেন।