একসময় লাঙলের দুর্গ বলে পরিচিত লালমনিরহাট পৌরসভায় এবার লাঙল প্রতীক নিয়ে মেয়র পদে কেউ দাঁড়াতে আগ্রহ দেখাননি। ফলে পৌরসভাটিতে জাতীয় পার্টির কোনো প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন না।
নির্বাচনী কার্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত লালমনিরহাট পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির দুজন এবং স্বতন্ত্র দুজনসহ মোট ছয়জন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে জাতীয় পার্টির কেউ নেই।
স্থানীয় লোকজন বলেন, লাঙলের দুর্গ লালমনিরহাটে কেউ লাঙল কাঁধে নেওয়ার আগ্রহ না দেখানোটা দুর্গ অরক্ষিত রেখে একধরনের পলায়নকেই বোঝায়। এ অবস্থা দলের শক্তিহীনতার পরিচায়ক বলে ভোটারদের অভিমত।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লালমনিরহাট-৩ আসনের সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ কাদের বলেন, মেয়র পদে জয়ী হতে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর বা তাঁদের পক্ষের লোকদের বিপুল অর্থ ও পেশিশক্তির কাছে অন্য কারও সুবিধা পাওয়ার মতো অবস্থান সৃষ্টি করা বর্তমান অবস্থায় কঠিন হবে। সার্বিক অবস্থা বিবেচনায় এবং নিকট-অতীতের ভোটের অভিজ্ঞতায় এবারের নির্বাচন নিয়ে নানা সংশয় রয়েছে। তাই এ পৌরসভায় কেউ জাতীয় পার্টির কাছে মেয়র পদে মনোনয়ন চাননি বা পাননি।
স্থানীয় সূত্র জানায়, এর আগে লালমনিরহাট পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট-৩ আসনে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের একাধিকবার এবং তাঁর মামা রিয়াজ উদ্দিন আহম্মেদও সাংসদ নির্বাচিত হয়েছেন। লালমনিরহাট পৌরসভায় লাঙল প্রতীকে মেয়র পদে কেউ না দাঁড়ালেও মাঠপর্যায়ে এ দলের বিপুল নেতা-কর্মী ও সমর্থক রয়েছে। তাঁদের ব্যক্তিগত ও সমষ্টিগত ভোট যিনি বা যে দলের পক্ষে বেশি যাবে, তিনি বা সেই দলের মেয়র প্রার্থী জয়ী হওয়ার পথে সুবিধাজনক অবস্থানে থাকবেন।