দুর্গোৎসবে ভারতীয় হাইকমিশনারের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল রোববার হাইকমিশনার তাঁর এই শুভেচ্ছাবাণী প্রচার করেছেন।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘এটাই আমার বাংলাদেশে প্রথম পূজা উদ্যাপন। আমি ঢাকা মহানগরী ও বাংলাদেশের অন্য সব শহর ও গ্রামের জাঁকজমকপূর্ণ পূজামণ্ডপগুলো দেখে খুব খুশি। অন্য সব অনুষ্ঠানের মতো শারদীয় উৎসবও আমাদের আনন্দ ও সুখকে বাংলাদেশের বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করার সুযোগ প্রদান করে।’
প্রধামন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বজায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধুর উৎসাহে ভারতীয় সৈন্যরা এবং বাংলাদেশি মুক্তিযোদ্ধারা একসঙ্গে যুদ্ধ করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য একসঙ্গে রক্ত দিয়েছিল। ওটা ছিল সব ভারতীয়র জন্য মহান গর্বের মুহূর্ত।’
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘পবিত্র দুর্গাপূজা উপলক্ষে আমি মা দুর্গার কাছে তাঁর স্বর্গীয় আশীর্বাদের জন্য প্রার্থনা করি যেন আমাদের দুই দেশের মানুষের জন্য শান্তি, সমৃদ্ধি ও উন্নতি এবং সাফল্য বয়ে আনে।’