দুর্গোৎসবের মহাষ্টমী আজ
সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা চলছে। গতকাল শনিবার হয়েছে সপ্তমী পূজা। আজ রোববার হবে মহাষ্টমী।
গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি রাজধানীর টিকাটুলীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপও পরিদর্শন করেন।
গতকাল বিকেলে রাজধানীর কলাবাগান মাঠের পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো মাঠে যেন মেলা বসেছে। দর্শনার্থীরা আসছেন। কেউ দেবী দুর্গার সামনে গিয়ে প্রার্থনা করছেন, অনেকে আবার সেলফি তুলছেন।
পিরোজপুর থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকায় এবার পূজা দেখতে এসেছেন পল্লী বিদ্যুতের সহকারী ব্যবস্থাপক নিশিথ কুমার কর্মকার। কলাবাগান মাঠে প্রথম আলোকে বলেন, ‘বহু বছর পর এবার ঢাকায় এসেছেন পূজা উপলক্ষে। মণ্ডপে মণ্ডপে ঘুরছেন। সর্বত্র উৎসবের আমেজ।’
কলাবাগান স্টাফ কোয়ার্টার থেকে পূজা দেখতে এসেছেন ফাল্গুনী রায়। তিনি বললেন, এমন উৎসব আমেজ যেন সারা দেশে থাকে।
জাতীয় পূজা উদ্যাপন কমিটি সূত্রে জানা গেছে, আজ সারা দেশে মহাষ্টমী পালিত হবে।
রামকৃষ্ণ মঠে আজ মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হবে সকাল ৬টা ৩ মিনিটে। সেখানে কুমারী পূজা অনুষ্ঠিত হবে বেলা ১১টায়। সন্ধিপূজা শুরু হবে বিকেল ৫টা ৩৯ মিনিটে এবং শেষ হবে ৬টা ২৭ মিনিটের মধ্যে।
মহাষ্টমীতেই কুমারী পূজা। হিন্দুরা মনে করেন, জগৎমাতা (দেবী দুর্গা) সব নারীর মধ্যে মাতৃরূপে আছেন। এ উপলব্ধি সবার মধ্যে জাগ্রত করার জন্যই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। দুর্গা মাতৃভাবের প্রতীক আর কুমারী নারীর প্রতীক। কুমারীর মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠাই এ পূজার লক্ষ্য।
গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। আগামীকাল সোমবার হবে মহানবমী পূজা। পাঁচ দিনের এ উৎসব শেষ হবে ১১ অক্টোবর মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, সকাল ৯টা ৩৭ মিনিটের মধ্যে অষ্টমী পূজা শেষ করতে হবে। ঢাকেশ্বরীতে এই পূজা হবে সকাল আটটায়। এ ছাড়া বেলা একটায় এখানে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এর উদ্বোধন করবেন ভারতীয় হাইকমিশনার। বিকেল ৫টা ৩৭ মিনিটে সান্ধ্য পূজা শুরু হবে। চলবে এক ঘণ্টা।