দুর্গোৎসব নিরাপদ করতে এসপিকে প্রত্যাহার দাবি
দুর্গোৎসব নিরাপদ করতে পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে সংবাদ সম্মেলন করেছে জেলা পূজা উদ্যাপন পরিষদ। তাদের অভিযোগ, পুলিশ সুপারের নির্লিপ্ততার কারণে সৈকতে প্রতিমা বিসর্জন উৎসব আর জেলার ২৭৬টি মণ্ডপে দুর্গাপূজা পালন নিয়ে শঙ্কায় আছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ।
গতকাল দুপুরে শহরের লালদীঘি ‘ব্রাহ্ম²মন্দির’ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ দাশ বলেন, ১৯ অক্টোবর থেকে সারা দেশের মতো এই জেলার ২৭৬টি মণ্ডপে দুর্গাপূজা শুরু হচ্ছে। ২৩ অক্টোবর বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে বসবে প্রতিমা বিসর্জন উৎসব। মন্ত্রীসহ দেশি-বিদেশি কূটনীতিক, সাংসদ, আমলাসহ দুই লাখ পর্যটক এতে যোগ দেবেন। কিন্তু নিরাপত্তার ব্যাপারে তাঁরা পুলিশ সুপারের কোনো সহযোগিতা পাচ্ছেন না।
আগের পুলিশ সুপাররা দুর্গাপূজার ১৫ দিন আগে নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা নিয়ে পূজা কমিটির সঙ্গে একাধিক বৈঠক করতেন। মণ্ডপে মণ্ডপে পুলিশের তত্ত্বাবধানে শৃঙ্খলা কমিটি গঠন করতেন। কিন্তু বর্তমান পুলিশ সুপার এ ক্ষেত্রে ব্যতিক্রম। কার্যালয়ে গিয়েও তাঁর সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না।
দুর্গোৎসব নিরাপদ করতে তাই ১৯ অক্টোবরের আগে পুলিশ সুপার শ্যামল কুমার নাথের প্রত্যাহার দাবি করেন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ দাশ। তিনি আরও বলেন, পূজার সময় অপ্রীতিকর কিছু ঘটলে সঙ্গে সঙ্গে জেলার সবগুলো মণ্ডপের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সৈকতের বিসর্জন উৎসবও হবে না। পুলিশ সুপারের অসহযোগিতার বিষয়টি ইতিমধ্যে কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের নেতাদের জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, দুর্গাপূজা নিয়ে তাঁদের (নেতাদের) অনেকবার ডাকা হয়েছে, কিন্তু তাঁরা আসছেন না। রণজিৎ দাশ জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি ছিলেন। তাঁকে বাদ দিয়ে সবার পরামর্শে ওই পদে আবু মোর্শেদ চৌধুরীকে বসানো হয়েছে। ওই ক্ষোভ থেকে তিনি অপপ্রচার চালাচ্ছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দন শর্মা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল প্রমুখ।