দুর্গোৎসবে মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীরা শারদীয় দুর্গোৎসব চলাকালে গণসংযোগ করেছেন। তাঁরা পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছাবিনিময়ের মাধ্যমে গণসংযোগ করেন। একই সঙ্গে তাঁরা দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে শহরের বিভিন্ন সড়কের মোড়ে এবং দর্শনীয় স্থানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করেছেন।
আওয়ামী লীগ ও বিএনপিদলীয় সূত্রে জানা গেছে, এবার থেকে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠানের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। তাই আসন্ন পৌর নির্বাচনকে উপলক্ষ করে শেরপুর পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর এবারও দলীয় মনোনয়ন পেতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন অনুষ্ঠানে আগামী নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। একই কায়দায় শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়াও বিভিন্ন অনুষ্ঠানে পৌর নির্বাচনে মেয়র পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
এ ছাড়া নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জোর চেষ্টা করছেন শেরপুরের তরুণ শিল্পোদ্যোক্তা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আবদুস সামাদের ভাতিজা আনিসুর রহমান। ইতিমধ্যে তিনি জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমানের আশীর্বাদ নিয়ে মাঠে নেমেছেন এবং গণসংযোগ করছেন।
আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আনোয়ারুল হাসান উৎপল এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফাতেমাতুজ্জুহুরা শ্যামলীর ভাই জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ রেজা।
অপরদিকে নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের পাশাপাশি বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবদুর রাজ্জাক পুরোদমে মাঠে নেমেছেন।
সরেজমিনে দেখা গেছে, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হুমায়ুন কবীর, গোলাম মোহাম্মদ কিবরিয়া, আনিসুর রহমান, আনোয়ারুল হাসান ও আরিফ রেজা এবং বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবদুর রাজ্জাক পৌর শহরের অধিকাংশ পূজামণ্ডপই পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের সঙ্গে দুর্গোৎসবের শুভেচ্ছাবিনিময় এবং দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
শহরের বিভিন্ন স্থানে ঘুরে হুমায়ুন কবীর, আনোয়ারুল হাসান, আনিসুর রহমান ও আরিফ রেজার বিলবোর্ড দেখা গেছে।