
বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিন আজ মঙ্গলবার। আজ মহাসপ্তমী। রাজধানী ঢাকাসহ সারা দেশে গতকাল সোমবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।
গতকাল থেকে সারা দেশের মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনি দেবী দুর্গার মর্ত্যে আগমনের জানান দিচ্ছে। পূজার মন্ত্রোচ্চারণ, আরতি আর মাইকের আওয়াজে দেশের পূজামণ্ডপগুলো মাতোয়ারা। হিন্দুধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও যোগ দেওয়ায় প্রতিবছরের মতো এ বছরও দুর্গাপূজা সর্বজনীন রূপ নিয়েছে।
মহানগর সর্বজনীন পূজা কমিটি জানায়, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সকাল ৭টা ৩৪ মিনিটের মধ্যে দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও মহাসপ্তমী বিহিত পূজা হবে। দুপুরে মন্দির মেলা প্রাঙ্গণে হবে দুস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ, সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা। এ বছর রাজধানীতে ২২৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবার দেবী এসেছেন ঘোড়ায়, যাবেন দোলায়।
রাজধানীতে দুর্গাপূজার প্রধান মণ্ডপগুলো স্থাপিত হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে মন্দির প্রাঙ্গণে, গুলশান-বনানী এলাকার বাসিন্দাদের উদ্যোগে বনানী মাঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণে, ভোলানন্দ গিরি আশ্রমে, তাঁতীবাজার, শাঁখারীবাজার, সিদ্ধেশ্বরী কালীমন্দির, রাজারবাগ বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রভৃতি স্থানে। গতকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভক্তরা ভিড় জমাতে শুরু করেছেন। সন্ধ্যার পর আলোকসজ্জায় ঝলমলে হয়ে ওঠে রাজধানীর পূজামণ্ডপগুলো।
কাল বুধবার দুর্গাপূজার মহাষ্টমী। তবে মহানবমী ও বিজয়া দশমী একই সঙ্গে বৃহস্পতিবার পড়ায় পূজা উদ্যাপন পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, শুক্রবার প্রতিমা বিসর্জন দেওয়া হবে।