দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সদর উপজেলার দারিয়াপুর এলাকায় গতকাল সোমবার দুপুরে ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম আশিকা খাতুন (৭)। সে দারিয়াপুর গ্রামের আমিনুর ইসলামের মেয়ে ও দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। গাইবান্ধা সদর থানার পুলিশ জানায়, আশিকা দুপুরে টিফিনের সময় সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ট্রাক্টর আটক করে আগুন লাগিয়ে দেয়। তারা চালককে আটক করে পুলিশে দেয়। এ সময় তারা প্রায় আধঘণ্টা সড়কটি অবরোধ করে রাখে। ওসি মেহেদী হাসান বলেন, এ নিয়ে থানায় মামলা হয়েছে।