দুর্ঘটনা এড়াতে গর্তে লাল নিশান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর ঘোড়াশাল-ডাঙ্গা সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। দুর্ঘটনা এড়াতে বড় গর্তে লাল নিশান টাঙিয়েছে স্থানীয়রা। গতকাল তোলা ছবি l প্রথম আলো
নরসিংদীর ঘোড়াশাল-ডাঙ্গা সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। দুর্ঘটনা এড়াতে বড় গর্তে লাল নিশান টাঙিয়েছে স্থানীয়রা। গতকাল তোলা ছবি l প্রথম আলো

নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার ঘোড়াশাল-ডাঙ্গা প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে সড়কের বড় বড় গর্তে লাল নিশান টানিয়েছেন স্থানীয় লোকজন।
সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘোড়াশাল ও ডাঙ্গা এলাকায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া পাশের কালীগঞ্জ উপজেলায় যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘোড়াশাল-ডাঙ্গা আঞ্চলিক সড়কটি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির প্রায় সব অংশে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে সড়কের প্রায় দেড় কিলোমিটার যান চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, সংস্কারের অভাবে খানাখন্দে সড়কগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেশির ভাগ অংশের পিচ উঠে যাওয়ায় সড়কের মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে অত্যন্ত ঝুঁকি নিয়ে যান চলাচল করলেও দুর্ভোগের শেষ নেই এলাকার বাসিন্দাদের। এর মধ্যে সড়কের পূবালী পাটকল, বাংলাদেশ পাটকল, প্রাণ-আরএফএল কারখানা ও ঘোড়াশাল পাইলট উচ্চবিদ্যালয়ের সামনের প্রায় দেড় কিলোমিটার সড়কে আছে অসংখ্য ছোট-বড় গর্ত। এসব গর্তের আকার এত বড় যে গর্তে যান পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই স্থানীয় লোকজন বড় গর্তের আকার চিহ্নিত করতে লাল নিশান দিয়ে রেখেছেন, যাতে চলাচলকারীরা সতর্কতার সঙ্গে যাওয়া-আসা করেন।
সিএনজিচালিত অটোরিকশার স্থানীয় চালক আতিকুর রহমান বলেন, ‘গাতা কিরুম বড়, বুঝা যায় না। গাতার মধ্যে গাড়ি পড়লে উঠাইতে গেলে বুঝা যায়, কই পড়ছে। তাই নিজেরাই বড় বড় গাতার মধ্যে লাল নিশানা দিয়া দিছি।’
প্রাণ-আরএফএল কোম্পানির কাভার্ড ভ্যানের চালক সুলতান মিয়া বলেন, ‘এই রাস্তা দিয়্যা প্রত্যেক দিন বিভিন্ন কলকারখানার শত শত কাভার্ড ভ্যান ও ট্রাক যাওয়া-আসা করে। কিন্তু রাস্তা ভাঙাচোরা হওয়ায় আমাগর অনেক কষ্ট পোহাইতে হয়।’
এ বিষয়ে ঘোড়াশাল পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাত বলেন, ‘এই সড়কটি মূলত নরসিংদী সড়ক ও জনপথের। তাই জনদুর্ভোগের কথা চিন্তা করেও আমরা কিছু করতে পারছি না।’
নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহরিয়ার আলম বলেন, ডাঙ্গা এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল হওয়ায় পাঁচদোনা থেকে ডাঙ্গা হয়ে ঘোড়াশাল পর্যন্ত চার লেনের একটি সড়ক করা হবে, যা ইতিমধ্যে একনেকে পাস হয়ে গেছে। এই সড়কটির দুই পাশে বিভিন্ন কারখানা রয়েছে, যা তুলনামূলকভাবে অনেকটা নিচু। তাই অল্প বৃষ্টিতে পানি জমে যায়। আর বৃষ্টির পানি আটকে সড়কের এই হাল হয়েছে।