দুর্ঘটনা এড়াতে সতর্কতা
গ্যাস দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার অনুরোধ করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। প্রতিষ্ঠানটি বলছে ২০১৫ সালে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটে ৩ হাজার ৩৬৬টি। প্রাণহানির পাশাপাশি সম্পদের ক্ষতি হয়েছে ৩৮ কোটি ৭৯ লাখ ৫ হাজার ৪৩ টাকার। চুলার আগুন ছাড়াও কলকারখানায় গ্যাস থেকে অগ্নিকাণ্ড ঘটছে।
প্রতিষ্ঠানটির পরিচালক শাকিল নেওয়াজ খান প্রথম আলোকে বলেন, গ্যাস বের হলে শোঁ শোঁ শব্দ হবে ও গন্ধ পাওয়া যাবে। যে জায়গা থেকে গ্যাস বের হচ্ছে সেখানে একটি শুকনো পাতা ধরে দেখা যায়, সেটি যদি নড়তে থাকে বুঝতে হবে গ্যাস বের হচ্ছে। এ ছাড়া সাবানের ফেনা দিয়েও পরীক্ষা করে দেখা যায়। গ্যাস বের হলে ফেনার পরিমাণ বাড়বে। তিনি আরও বলেন, গ্যাস বাতাসের চেয়ে ৩০ ভাগ হালকা। বদ্ধ ঘরে এই গ্যাস ঘরের ছাদে জমে থাকে। চুলা ধরানোর আগে বাসার দরজা-জানালা খুলে দিতে হবে। গ্যাস বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নম্বরে অভিযোগ জানানোর সুযোগ আছে। নম্বরগুলো হলো জরুরি গ্যাস নিয়ন্ত্রণকেন্দ্র (উত্তর) ০১৯৫৫৫০০৪৯৭ ও ০১৯৫৫৫০০৪৯৮ এবং জরুরি গ্যাস নিয়ন্ত্রণকেন্দ্র (দক্ষিণ) ০১৯৫৫৫০০৪৯৯, ০১৯৫৫৫০০৫০০।