দুর্ঘটনা ও যান বিকল, দুই মহাসড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে গত মঙ্গলবার গভীর রাতে যানবাহন বিকল ও দুর্ঘটনার কারণে টাঙ্গাইলের মির্জাপুরে যানজট তৈরি হয়। প্রায় একই সময় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রাক উল্টে গেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে জট সৃষ্টি হয়।
যানজটের কারণে গতকাল বুধবার দুপুর পর্যন্ত মহাসড়ক দুটিতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। এ কারণে পণ্যবাহী ট্রাকও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেনি।
পুলিশ ও যানবাহনের চালকদের সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে মির্জাপুরের জামুর্কীতে একটি ট্রাক বিকল হয়। রাত দুইটার দিকে কদিমধল্যা এলাকায় আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশে পড়ে যায়। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে জটের সৃষ্টি হয়। রাত সাড়ে তিনটার দিকে মির্জাপুর বাইপাসের পোষ্টকামুরী সেতুর কাছে একটি ট্রাক বিকল হলে যানজট বেড়ে যায়। গতকাল ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে যানজট আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে যানজট গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়। পুলিশ যানগুলো রেকার দিয়ে রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। তবে গতকাল দুপুর ১২টা পর্যন্ত মির্জাপুরের জামুর্কী থেকে গোড়াই পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকায় থেমে থেমে যান চলাচল করতে দেখা যায়।
গতকাল সকাল আটটা থেকে দশটার দিকে গিয়ে দেখা যায়, মির্জাপুরের দেওহাটা, ইচাইল, কুর্নী, শুভুল্যা ও কদিমধল্যা এলাকায় মহাসড়কের উভয় পাশে যানবাহন থেমে আছে। এ সময় মির্জাপুর কলেজের কয়েকজন শিক্ষার্থীসহ অনেককে হেঁটে যেতে দেখা যায়।
বগুড়া থেকে ঢাকাগামী আলুবোঝাই ট্রাকের চালক মো. সুজন মিয়া বলেন, রাত সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু সেতু পার হয়েই তিনি জটে আটকে যান। সকাল সোয়া আটটার দিকে তিনি মির্জাপুর পৌঁছান। এ অবস্থা চললে নির্ধারিত সময়ে পণ্য গন্তব্যে পৌঁছানো যাবে না। এতে জিনিসের দাম বাড়তে পারে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বলেন, দুর্ঘটনা ও যানবাহন বিকল ছাড়া মহাসড়কে যান চলাচল একটু থেমে পড়লেই চালকেরা ঘুমিয়ে পড়েন। এতেও যানজট লাগে। তবে গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন এলাকায় মঙ্গলবার গভীর রাতে একটি মালবাহী ট্রাক উল্টে গেলে দুই লেনবিশিষ্ট ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। গতকাল বেলা দুইটা পর্যন্ত মহাসড়কটির ওই স্থানের আশপাশে যানজট সৃষ্টি হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে গিয়ে দেখা যায়, কিছু লোক কপিকল দিয়ে ট্রাকটি সোজা করার চেষ্টা করছেন। এ সময় পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে ঘটনাস্থলে পুলিশের কোনো সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।
সন্ধ্যায় যোগাযোগ করা হলে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জজামান বলেন, তিনি ঘটনাটি জানতেন না।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম খান বলেন, মালিকপক্ষের লোকজন ট্রাকটি বেলা দুইটার দিকে উদ্ধার করে নিয়ে গেছেন।