দুর্ঘটনা কমিয়ে সেবা বাড়ানোর পরামর্শ রেলপথমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেল দুর্ঘটনা কমিয়ে এনে যাত্রীসেবা বাড়ানোর পরামর্শ দিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। গতকাল মঙ্গলবার দুপুরে রেলের পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি ভবনে পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ পরামর্শ দেন। বৈঠকে রেলের সার্বিক চিত্র মন্ত্রীর কাছে তুলে ধরা হয়।
গতকাল বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে ভারপ্রাপ্ত রেলসচিব ফিরোজ সালাহ উদ্দিন, মহাপরিচালক মো. আমজাদ হোসেন, মহাব্যবস্থাপক মোজাম্মেল হকসহ বিভিন্ন ইউনিটের প্রধানেরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল পাহাড়তলীতে রেলের ওয়ার্কশপ পরিদর্শন করেন মন্ত্রী।
বৈঠক সূত্রে জানা গেছে, মন্ত্রী রেলপথে দুর্ঘটনা কমিয়ে আনার পরামর্শ দেন। বৈঠকে মন্ত্রী বলেন, সামনে ঈদ। তাই রেললাইনের ট্র্যাক সংস্কার করতে হবে, যাতে নির্বিঘ্নে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারে। এ সময় মন্ত্রীর সামনে দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরা হয়। মন্ত্রীকে জানানো হয়, গত বছর ৬৯টি এবং চলতি বছরের ১২ মে পর্যন্ত প্রায় সাড়ে চার মাসে ৩৫টি রেল দুর্ঘটনা ঘটে। চলতি বছর অবশ্য ২০-দলীয় জোটের আন্দোলনের কারণে রেলপথে নাশকতার ঘটনা বেশি ঘটেছে। এ কারণে গত বছরের তুলনায় হার একটু বেশি। স্বাভাবিক দুর্ঘটনা অনেক এড়ানো যাচ্ছে।
বৈঠকে উপস্থিত পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনা এড়ানো, ঈদ উপলক্ষে
কোচ ও ইঞ্জিন সংস্কার এবং স্টেশনগুলোতে কালোবাজারি বন্ধের ওপর আলোচনা হয়। মন্ত্রী মহোদয় রেলযাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে নির্দেশ দেন। আমরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’
বৈঠকের পর মন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের বলেন, ছয় মাসের মধ্যে কোচ এবং ইঞ্জিনের সংকট কাটানোর চেষ্টা চলছে। ওই সময় থেকে নতুন ২৭০টি কোচ পর্যায়ক্রমে আসতে শুরু করবে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত বছর ৮০টি কোচ মেরামত করে ঈদে যাত্রী পরিবহন করা হয়েছে। এবারও সরকার আন্তরিকভাবে কাজ করছে, যাতে যাত্রীরা ভালো সেবা পায়।