দুর্ঘটনা কুয়াশা চালকের ঘুম মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার তিনটি স্থানে দুর্ঘটনা ও চালক ‘ঘুমিয়ে’ থাকায় গতকাল মঙ্গলবার ভয়াবহ যানজট সৃষ্টি হয়। একদিকে কনকনে ঠান্ডা, অন্যদিকে ঘন কুয়াশা—এ দুই অবস্থার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ঘরমুখী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এ ছাড়া চার লেনের কাজের কারণেও যান চলাচল ব্যাহত হচ্ছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল ভোর চারটায় কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় দুটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মহাসড়কের উভয় পাশে গাড়ির জটলা বেঁধে যায়। সকাল আটটার দিকে রেকার এনে কাভার্ড ভ্যান সরাতে গেলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল নয়টার দিকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ও চৌদ্দগ্রামের মিয়ারবাজারে আরও দুটি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় যানবাহনের চালকেরা মহাসড়কের মধ্যেই ঘুমিয়ে পড়েন। বড়দিন উপলক্ষে গতকাল ছুটির দিন থাকায় মহাসড়কে গাড়ির সংখ্যা ছিল বেশি। ফলে দিনভর মহাসড়কেই অবস্থান করতে হয় যাত্রীদের। মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক ইনামুল করিম বলেন, ‘সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হই দুপুর ১২টায়। কুমিল্লায় পৌঁছি সন্ধ্যা ছয়টায়।’ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শহিদুল ইসলাম বলেন, ‘অসুস্থ মাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিই বেলা একটায়। ঢাকায় পৌঁছি সন্ধ্যা সাড়ে ছয়টায়।’ কুমিল্লার শাসনগাছা বাস টার্মিনাল থেকে কুমিল্লা সেনানিবাস এলাকায় যেতে সময় লাগে ১০ মিনিট। অথচ মঙ্গলবার ওই পথ পাড়ি দিতে হয়েছে আড়াই ঘণ্টায়। পূর্বাঞ্চল মহাসড়ক পুলিশের সুপার এম রেজাউল করিম গতকাল রাতে মুঠোফোনে বলেন, তিনটি দুর্ঘটনা ও চালক ঘুমিয়ে থাকায় মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। গাড়ির চাপ থাকায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরাতে সময় লেগেছে বেশি।