দুর্ঘটনা কেড়ে নিল দম্পতির প্রাণ, মেয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের মাদানীবাগ এলাকায় আজ মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছে তাঁদের ১২ বছরের মেয়ে।

পুলিশ জানিয়েছে, সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমের প্রশাসনিক কর্মকর্তা অরজিৎ রায় (৫০) এবং তাঁর স্ত্রী দক্ষিণ সুরমার মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাশ (৪৫) সকালে শহরতলির খাদিমপাড়া নীপবন এলাকার বাসা থেকে বের হন। সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁরা নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় তাঁদের মেয়ে অরুণিমাও সঙ্গে ছিল। স্কলার্সহোমের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সে। এই তিনজনকে বহনকারী অটোরিকশাটি এমসি কলেজ রোডসংলগ্ন মাদানীবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অরজিৎ মারা যান। গুরুতর আহত অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুমিতার মৃত্যু হয়। তাঁদের মেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিলেট মহানগরের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় এক দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের মালিককে আটক করেছে।