দুর্ঘটনা কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের শিবরামপুর এলাকার বাহিরদিয়া সেতুর উত্তর পাশে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সার ব্যবসায়ী আরিফ হোসেন জানান, সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাবা খলিল ফকির (৭০), ছেলে লকু ফকির (৫০) ও অটোরিকশার চালক দুদু প্রামাণিক (৫০) ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তিরা সবাই বাহিরদিয়া এলাকার বাসিন্দা। তাঁরা ধুলদি হাট থেকে বাড়ি ফিরছিলেন। আহত বাহিরদিয়ার মনোয়ার খানকে (৩০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গেছে।দুর্ঘটনার পর এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখেন। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। ফরিদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। এলাকাবাসী মহাসড়কে গতিরোধক নির্মাণের দাবি জানান। গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে দেড় ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে এলাকাবাসী অবরোধ তুলে নেন।’ ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মনির হোসেন জানান, মুখোমুখি সংঘর্ষের পর চালক বাস থামায়নি। বাসের বাম্পারের সঙ্গে অটোরিকশার সামনের অংশটি ঝুলে ছিল। ওই অবস্থায় চালক বাসটি এক কিলোমিটার পর্যন্ত চালিয়ে যায়। একপর্যায়ে বাসের একটি চাকা ফেটে যায়। তখন চালক বাস ফেলে পালিয়ে যায়।এসআই আরও জানান, হতাহতেরা অটোরিকশার পেছনের অংশে ছিলেন। দুর্ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যান। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।